উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সন্তানদের বিষয়ে কথা বলতে সাবেক সঙ্গীর সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন ২৪ বছর বয়সী এক নারী। পাঁচ দিন পর একটি বাড়ি থেকে তাকে খাটের সঙ্গে দড়ি ও শিকল দিয়ে বাঁধা অবস্থায় উদ্ধার করেছে ব্রাজিলের পুলিশ। এ সময় তার মুখে গ্যাস মাস্ক ছিল।
ঘটনাটি ঘটেছে ব্রাজিলের গোয়াস অঙ্গরাজ্যের আগুয়াস লিন্ডাস দে গোয়াস এলাকায়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।
উদ্ধার হওয়া নারীর নাম এমিলিয়ানি তামারা নুনেস কারভালহো। তিনি পেশায় একজন নার্সিং টেকনিশিয়ান।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৭ আগস্ট সাবেক সঙ্গী আইলটন রদ্রিগেস দে সুজার সঙ্গে দেখা করতে বের হন কারভালহো। তাদের দুই সন্তান রয়েছে। সন্তানদের বিষয়ে আলোচনা করতেই তিনি সাবেক সঙ্গীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে জানা গেছে।
তবে অভিযোগ, দেখা করার পর সুজা তাকে একটি বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখেন। সেখানে তাকে মারধর, মাদক প্রয়োগ ও ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গত শুক্রবার (২১ আগস্ট) ওই বাড়িতে অভিযান চালায় সামরিক পুলিশ। একটি কক্ষ থেকে নারীর চিৎকার শুনে পুলিশ সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, কক্ষের ভেতর কারভালহোকে ভীতসন্ত্রস্ত অবস্থায় পাওয়া যায়। তার হাত-পা ও ঘাড় দড়ি, হাতকড়া ও শিকল দিয়ে আটকে রাখা ছিল। মুখে ছিল গ্যাস মাস্ক। তার শ্বাসকষ্ট হচ্ছিল এবং শরীরে অক্সিজেনের ঘাটতির লক্ষণও দেখা যায়।
বাড়িতে খাবারসহ বিভিন্ন সামগ্রীও পাওয়া যায়। পুলিশের ধারণা, তাকে আরও কয়েকদিন সেখানে আটকে রাখার প্রস্তুতি নেওয়া হয়েছিল।
অভিযানের সময় আইলটন রদ্রিগেস দে সুজাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও বেআইনিভাবে আটকে রাখার অভিযোগ আনা হয়েছে।
উদ্ধারের পর কারভালহোকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হলেও তিনি এখনও শারীরিক ব্যথা ও মাথা ঘোরার সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন।
কারভালহো ও সুজার সম্পর্কের অবসান ঘটে ২০২৫ সালের ডিসেম্বরে। এর আগে তারা প্রায় পাঁচ বছর একসঙ্গে ছিলেন। মাত্র ১৮ বছর বয়সে তাদের বিয়ে হয়েছিল।
নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কারভালহো জানান, সম্পর্কের সময় বেশ কিছু সতর্কসংকেত তিনি দেখতে পেয়েছিলেন। কিন্তু বয়স কম থাকায় সেগুলো উপেক্ষা করেছিলেন।
তিনি বলেন, “আমি জানি না এটা ভালোবাসা ছিল, নাকি আসক্তি—এটা ছিল মানসিক নির্ভরতা। আমি ১৮ বছর বয়সে তাকে বিয়ে করেছিলাম। ভালোবাসা অন্ধ, আমরা তা দেখতে পাই না।”
কারভালহো পরে নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে তুলে ধরেছেন, যাতে অন্য নারীরা পারিবারিক ও সম্পর্কজনিত সহিংসতার ঝুঁকি সম্পর্কে সচেতন হতে পারেন।