উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বুধবার (২৬ আগস্ট) হাসপাতালের মাতৃ ও শিশু স্বাস্থ্য (এমসিএইচ) ওয়ার্ডের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উদ্ধার কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার পরও হাসপাতালটিতে কুলিং অপারেশন চালানো হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নবজাতক ওয়ার্ডের একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার সময় নবজাতক ওয়ার্ডে ১৬টি শিশু ছিল। একজন নারী চিকিৎসক একটি শিশুকে উদ্ধার করতে সক্ষম হন। বাকি শিশুদের মৃত্যু হয়েছে বলে জানানো হয়।
তবে পাকিস্তানের ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মোস্তফা কামাল এক বিবৃতিতে ১৪ শিশুর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। ফলে নিহতের সংখ্যা নিয়ে বিভিন্ন সরকারি ও সংবাদমাধ্যমের তথ্যে কিছুটা পার্থক্য রয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছয়টি ফায়ার সার্ভিসের গাড়ি ও চারটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি ও শীতলীকরণ কার্যক্রম চালানো হয়।
অগ্নিকাণ্ডের পর হাসপাতাল কর্মীদের দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগও সামনে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, আগুন লাগার পর ওয়ার্ডের ইনকিউবেটর সেন্টার থেকে কিছু হাসপাতালকর্মী বের হয়ে যান বলে অভিযোগ উঠেছে। এ সময় নবজাতকদের মায়েরা ভেতরে অবস্থান করছিলেন এবং নিজেদের সন্তানদের উদ্ধারের চেষ্টা করেন।
ওয়ার্ডে দায়িত্বশীল কর্মীদের অনুপস্থিতির কারণে পরিবারের সদস্যরা তাদের শিশুদের বিষয়ে তাৎক্ষণিক তথ্যও জানতে পারেননি বলে অভিযোগ করা হয়েছে।
আগুনের তীব্রতা বাড়লে উদ্ধারকর্মীরা ওয়ার্ড থেকে ১০ জন মাকে বের করে আনেন।
ঘটনার কারণ ও সম্ভাব্য অবহেলা তদন্তে অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছে ইসলামাবাদ জেলা প্রশাসন।
অগ্নিকাণ্ডের ঘটনায় কারও দায়িত্বে অবহেলা ছিল কি না এবং নিরাপত্তাব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, তদন্তে তা খতিয়ে দেখা হবে।
নবজাতকদের মৃত্যুর ঘটনায় গভীর শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন এবং তদন্তে কেউ দায়ী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মোস্তফা কামালও ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। তিনি জানান, ঘটনার পর হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত শিশুদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে।
পিআইএমএসের মহাপরিচালক ও সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানান মন্ত্রী।
সূত্র: ডেইলি পাকিস্তান