উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের লহেন্দে খোলা নদীর ওপর হিমবাহের নিচের অংশ ধসে পড়ার পর নদীর প্রবাহে বড় ধরনের পরিবর্তন ঘটে থাকতে পারে। নদীটি নেপাল ও তিব্বত—উভয় অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত।
প্রাথমিক ধারণা অনুযায়ী, ওই এলাকায় একটি ভূমিকম্প আঘাত হানে। এর ফলে হিমবাহের নিচের একটি অংশ ভেঙে লহেন্দে খোলা নদীতে পড়ে যায়। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে বিপুল পরিমাণ পানি হঠাৎ নিচের দিকে নেমে আসে।
এরপর প্রবল স্রোত নেপালের সীমান্তবর্তী এলাকায় ছড়িয়ে পড়ে। পানির তোড়ে সড়ক, সেতু, ঘরবাড়ি ও বিদ্যুৎ প্রকল্পের ব্যাপক ক্ষতি হয়।
তিব্বতের গিরং বন্দরেও ভূমিধস আঘাত হানে। গুরুত্বপূর্ণ এই সীমান্ত বাণিজ্যপথের সড়ক, যোগাযোগব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বন্যায় নেপাল ও তিব্বতে অন্তত ৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে উদ্ধার অভিযান চলতে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিদেশি নাগরিকদের মধ্যেও অনেকে নিখোঁজ রয়েছেন। রয়টার্সের তথ্য অনুযায়ী, অন্তত ৪৮৪ জন ভ্রমণকারী নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে ১০৫ জন ভারতীয়, ৯৩ জন নেপালি, তিনজন মার্কিন ও ১২ জন ব্রিটিশ নাগরিক রয়েছেন।
এ ছাড়া মালয়েশিয়ার ১৭ জন, দক্ষিণ আফ্রিকার চারজন এবং অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের একজন করে নাগরিক নিখোঁজ রয়েছেন।
নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত আটজন দক্ষিণ কোরীয় নাগরিকেরও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
উদ্ধার অভিযান চললেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। লহেন্দে খোলা নদীর উজানে এখনো একটি বড় ধরনের বাধা আটকে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই বাধা ভেঙে গেলে বা সেখান থেকে পানি হঠাৎ নেমে এলে আরেক দফা আকস্মিক বন্যা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
ফলে নদীর আশপাশের এলাকায় উদ্ধারকাজের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং আগাম সতর্কতা জোরদার করা হচ্ছে।
সূত্র: রয়টার্স