উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এ ঘটনায় বুধবার (২৬ আগস্ট) দুপুরে ভুক্তভোগী প্রবাসী জাকির হোসেনের বোন মারুফা বেগম রায়পুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ২২ বছর আগে রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর এলাকার জাকির হোসেনের সঙ্গে ওই নারীর পারিবারিকভাবে বিয়ে হয়। ২০০৯ সালে স্ত্রীকে ইতালিতে নিয়ে যান জাকির।
প্রবাসী পরিবারের অভিযোগ, ইতালিতে যাওয়ার পর ওই নারী একাধিক ব্যক্তির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়।
এরই মধ্যে প্রায় দুই মাস আগে বাবার অসুস্থতার কথা বলে দুই সন্তানকে সঙ্গে নিয়ে ওই নারী বাংলাদেশে ফিরে আসেন। এরপর স্বামীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ পরিবারের।
পরিবারের দাবি, ইতালিতে থাকা স্বামীকে আইনিভাবে তালাক না দিয়েই পরে রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের পূর্ব কাঞ্চনপুর এলাকার সৌরভ হোসেন নামের এক যুবককে বিয়ে করেন তিনি।
জাকিরের বোন মারুফা বেগমের অভিযোগ, তাঁর ভাইকে তালাক না দিয়েই ওই নারী অন্য একজনকে বিয়ে করেছেন। পাশাপাশি পরিবারের সদস্যদের যোগসাজশে জাকিরের জমানো প্রায় তিন কোটি টাকা ও স্বর্ণালংকার আত্মসাৎ করা হয়েছে।
তিনি দাবি করেন, এ ঘটনায় তাঁদের পরিবার আর্থিকভাবে চরম সংকটে পড়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তবে অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নারী। তাঁর দাবি, ইতালিতে থাকাকালে জাকির তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এ কারণেই তিনি অন্য একজনকে বিয়ে করেছেন বলে দাবি করেন তিনি।
তবে আগের স্বামীকে আইনিভাবে তালাক না দিয়েই নতুন বিয়ে করার বিষয়টি তিনি স্বীকার করেছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”