উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের প্রায় ৭০ হাজার মানুষের স্বাস্থ্য-তথ্য বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, শিংরিক্স নেওয়ার পরবর্তী সাড়ে তিন বছরে হৃদ্রোগসংক্রান্ত জটিলতার ঝুঁকি প্রায় ১২ শতাংশ কম ছিল। গবেষণাটি প্রকাশিত হয়েছে চিকিৎসাবিষয়ক সাময়িকী Nature Medicine-এ।
গবেষণার নেতৃত্ব দিয়েছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল লেকচারার ড. ম্যাক্সিম তাকেত। তাঁর মতে, ভবিষ্যৎ নিয়ন্ত্রিত পরীক্ষায় একই ধরনের ফল নিশ্চিত হলে বয়স্কদের শিংলসের টিকা দেওয়ার মাধ্যমে বিশ্বজুড়ে হৃদ্রোগ, স্ট্রোক ও হার্ট ফেইলিউরের বিপুলসংখ্যক ঘটনা প্রতিরোধ করা সম্ভব হতে পারে।
শিংলস হলো চিকেনপক্সের ভাইরাস পুনরায় সক্রিয় হওয়ার কারণে হওয়া একটি বেদনাদায়ক রোগ। শরীরে একবার চিকেনপক্সের সংক্রমণ হলে ভাইরাসটি স্নায়ুতন্ত্রে নিষ্ক্রিয় অবস্থায় থেকে যেতে পারে। পরে এটি সক্রিয় হলে শরীরে ফুসকুড়ি ও তীব্র স্নায়ুজনিত ব্যথা দেখা দিতে পারে।
গবেষকদের ধারণা, শিংলসের সংক্রমণ শরীরে প্রদাহ বাড়িয়ে হৃদ্যন্ত্র ও রক্তনালির ওপর প্রভাব ফেলতে পারে। ফলে শিংলস প্রতিরোধের মাধ্যমে পরোক্ষভাবে হৃদ্রোগের ঝুঁকিও কমে যেতে পারে।
আরেকটি সম্ভাবনা হলো, শিংরিক্স টিকা রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর এমন কিছু প্রভাব ফেলতে পারে, যা শরীরের প্রদাহজনিত প্রোটিন কমাতে সাহায্য করে।
গবেষণায় ৬০ বছর বা তার বেশি বয়সী প্রায় ৭০ হাজার মানুষের স্বাস্থ্য-তথ্য বিশ্লেষণ করা হয়। যুক্তরাষ্ট্রে ২০১৭ সালে পুরোনো জোস্টাভ্যাক্স (Zostavax) টিকার পরিবর্তে শিংরিক্স ব্যবহারের দ্রুত বিস্তারের সুযোগ কাজে লাগিয়ে গবেষকরা তুলনামূলক বিশ্লেষণ করেন।
ফলাফলে দেখা যায়, শিংরিক্স গ্রহণকারীদের মধ্যে টিকা নেওয়ার পর প্রথম সাড়ে তিন বছরে হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিউর ও স্ট্রোকসহ বিভিন্ন হৃদ্রোগসংক্রান্ত ঘটনার ঝুঁকি প্রায় ১২ শতাংশ কম ছিল।
তবে সাত বছরের পুরো পর্যবেক্ষণ সময়ে ঝুঁকি কমার হার ছিল প্রায় ৪ শতাংশ।
গবেষকরা সতর্ক করে বলেছেন, এটি একটি পর্যবেক্ষণভিত্তিক গবেষণা। তাই শিংরিক্স সরাসরি হৃদ্রোগ ও স্ট্রোক প্রতিরোধ করে—এমন চূড়ান্ত সিদ্ধান্ত এখনই দেওয়া যাচ্ছে না।
এ বিষয়ে আরও নিশ্চিত প্রমাণ পেতে কয়েকটি র্যান্ডমাইজড নিয়ন্ত্রিত ট্রায়াল চলছে। এসব পরীক্ষার ফল পাওয়া গেলে টিকার সঙ্গে হৃদ্রোগের ঝুঁকি কমার সরাসরি সম্পর্ক আরও স্পষ্ট হবে।
গবেষণায় জড়িত না থাকা ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. হুগ পেডারও বলেছেন, শিংরিক্স হৃদ্যন্ত্রের জন্য অতিরিক্ত সুরক্ষা দেয় কি না, তা নিশ্চিতভাবে জানতে র্যান্ডমাইজড ট্রায়ালই সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি।
সূত্র: দ্য গার্ডিয়ান