উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারের নতুন জনসচেতনতামূলক প্রচারণায় ব্রিটিশ পরিবারগুলোকে ঘরে টিনজাত খাবার, বোতলজাত পানি ও প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার পরামর্শ দেওয়া হবে। সংকটের সময় কীভাবে নিজেদের সামাল দিতে হবে, সে বিষয়েও নাগরিকদের সচেতন করা হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, জাতীয় দুর্যোগের সময় অধিকাংশ পরিবার যাতে নিজেদের মৌলিক প্রয়োজন নিজেরাই মেটাতে পারে, সেটিই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। এতে জরুরি পরিস্থিতিতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের জন্য সরকারি সহায়তা দ্রুত পৌঁছানো সম্ভব হবে।
সরকারের প্রস্তুতি পরিকল্পনায় বন্যা, খরা, অতিরিক্ত তাপমাত্রা ও দাবানলের মতো জলবায়ুজনিত দুর্যোগের পাশাপাশি সাইবার হামলা এবং শত্রুভাবাপন্ন রাষ্ট্রের সম্ভাব্য কর্মকাণ্ডও গুরুত্ব পাচ্ছে।
সম্প্রতি যুক্তরাজ্যে তীব্র তাপপ্রবাহের কারণে দাবানল ও খরার আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি মোকাবিলায় সরকার জরুরি বৈঠকও করেছে। একই সময়ে গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর সাইবার হামলার আশঙ্কাও বাড়ছে।
এর পাশাপাশি আন্তর্জাতিক উত্তেজনার কারণে সম্ভাব্য সামরিক সংঘাত মোকাবিলায় নিজেদের প্রস্তুতি নতুন করে পর্যালোচনা করছে ব্রিটিশ সরকার। আন্তর্জাতিক সংঘাত ব্রিটেনে কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা বিবেচনায় নিয়ে সরকারের অভ্যন্তরীণ জরুরি পরিকল্পনাও হালনাগাদ করা হচ্ছে।
ক্যাবিনেট অফিস জানিয়েছে, জাতীয় নিরাপত্তা রক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। বিভিন্ন ধরনের সম্ভাব্য হুমকি মোকাবিলায় পরিবারগুলোকে সহজ কিছু প্রস্তুতিমূলক পদক্ষেপ সম্পর্কে সচেতন করার পাশাপাশি দেশের সামগ্রিক সক্ষমতা বাড়ানোর কাজও চলছে।
সরকারের ধারণা, জরুরি পরিস্থিতিতে নাগরিকদের ন্যূনতম প্রস্তুতি থাকলে সরকারি উদ্ধার ও সহায়তা কার্যক্রম সবচেয়ে বেশি প্রয়োজন এমন মানুষের দিকে দ্রুত কেন্দ্রীভূত করা সম্ভব হবে।
সূত্র: দ্য গার্ডিয়ান