উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে এবং বন্যায় প্রায় ৫৭৯ জন পর্যটক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই নেপালে আটকা পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও তার সিনেমার টিম। তবে তারা বর্তমানে নিরাপদে আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অপু বিশ্বাস জানান যে, তারা ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালের পোখারাতে নিরাপদে আছেন। তবে পোখারা থেকে নেপাল যাওয়ার হাইওয়ে রাস্তা ভয়াবহভাবে বিপর্যস্ত হয়েছে এবং এটি ঠিক হতে মাসখানেক সময় লাগবে বলে জানতে পেরেছেন। তাদের গাড়ি ঠিক করা হয়েছে এবং আজ কাঠমান্ডু যাবেন বলে জানান তিনি।
ফ্লাইটে অনেক রাশ চলছে উল্লেখ করে অপু বিশ্বাস জানান যে, কাঠমান্ডু থেকে পরশুদিনের অর্থাৎ শুক্রবারের ফ্লাইটে তারা ঢাকা ফিরবেন। ভক্তদের নিজের জন্য চিন্তা না করে সবার কাছে দোয়া চেয়েছেন, যেন তিনি নিরাপদে দেশের মাটিতে তার সন্তানের কাছে ফিরতে পারেন।
উল্লেখ্য, চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে যান অভিনেত্রী অপু বিশ্বাস। সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান এবং এতে অপুর বিপরীতে অভিনয় করছেন মুরতজা পলাশ। এছাড়াও সিনেমাটিতে পশ্চিমবঙ্গের অভিনেতা রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্যসহ আরও অনেকে অভিনয় করছেন।