উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের রাস্তায় বর্তমানে বিওয়াইডির দেড় হাজারের বেশি গাড়ি চলছে। বৈদ্যুতিক ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ির বাজার সম্প্রসারণের পাশাপাশি বিক্রয় ও সেবার নেটওয়ার্ক জোরদারে কাজ করছে প্রতিষ্ঠানটি। দেশে চার্জিং অবকাঠামো বাড়াতেও বিভিন্ন স্থানে দ্রুত চার্জিং স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে মাদানী এভিনিউ, পল্টন, উত্তরা, তেজগাঁও লিংক রোড ছাড়াও চট্টগ্রাম ও বগুড়াতে ডিলার পয়েন্ট রয়েছে। বাজারে সিলায়ন ৬ মডেলটি উল্লেখযোগ্য বিক্রয় সাফল্য পেয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশে গাড়ি অ্যাসেম্বল করার পরিকল্পনা রয়েছে।
বৈদ্যুতিক ও হাইব্রিড প্রযুক্তির গাড়ির বাস্তব অভিজ্ঞতা নিতে গতকাল বিওয়াইডির পক্ষ থেকে একটি টেস্ট ড্রাইভের আয়োজন করা হয়। রাজধানীর তেজগাঁওয়ে বিওয়াইডির ফ্ল্যাগশিপ শোরুম থেকে শুরু হওয়া এই ড্রাইভ গাজীপুরের একটি রিসোর্টে গিয়ে শেষ হয়। এতে সাংবাদিক, কনটেন্ট নির্মাতা ও অটোমোবাইল খাতসংশ্লিষ্টরা অংশ নেন। ড্রাইভ শেষে বিওয়াইডির প্রডাক্ট স্পেশালিস্ট রেজওয়ান রহমান গাড়িগুলোর প্রযুক্তিগত বৈশিষ্ট্য তুলে ধরেন।
বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের জানান, দেড় হাজারের বেশি গাড়ি চলার বিষয়টি ক্রেতাদের আস্থার প্রতিফলন। বাংলাদেশে বিওয়াইডির কার্যক্রম শুরু হয় ২০২৪ সালের এপ্রিলে এবং বর্তমানে ইভি ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ি বাজারজাত করা হচ্ছে। প্রচলিত জ্বালানি গাড়িতে প্রতি কিলোমিটারে ১৪ টাকা খরচ হলেও বিওয়াইডির ইভিতে এ ব্যয় প্রায় ২ টাকা ৫০ পয়সা। মডেলভেদে একবার পূর্ণ চার্জে গাড়িগুলো ৩৪৫ থেকে ৫৭০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।
গ্রাহকদের আস্থা বাড়াতে ট্র্যাকশন ব্যাটারিতে আট বছর বা ১ লাখ ৬০ হাজার কিলোমিটার এবং মোটর ও কন্ট্রোলারে আট বছর বা ১ লাখ ৫০ হাজার কিলোমিটার ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। এছাড়া পুরো গাড়ির প্রস্তুতকারক ওয়ারেন্টি হিসেবে রয়েছে ছয় বছর বা ১ লাখ ৫০ হাজার কিলোমিটারের সুরক্ষা। বিওয়াইডি সিল ৫-এর দাম ৩৬ লাখ ৯০ হাজার এবং সিলায়ন ৫-এর দাম ৪৫ লাখ ৯০ হাজার টাকা। সিলায়ন ৬-এর ফ্রন্ট-হুইল ড্রাইভ ৬১ লাখ ৯০ হাজার এবং অল-হুইল ড্রাইভ ৬৭ লাখ ৯০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।