উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, আগামী দেড় বছরের মধ্যে চীন বর্জ্য থেকে উৎপাদিত ৪২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করবে। অর্থাৎ ঢাকার ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার পাশাপাশি এসব বর্জ্য ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হবে।
মীর শাহে আলম জানান, প্রকল্পের আওতায় উৎপাদিত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ২৫ টাকা দরে কিনবে। প্রচলিত বিদ্যুতের দামের তুলনায় এই মূল্য বেশি হলেও বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশগত সুবিধার কারণে প্রকল্পটির সামগ্রিক সুফল বিবেচনা করা হচ্ছে।
তিনি বলেন, বর্জ্য ধ্বংসের পাশাপাশি ল্যান্ডফিলে থাকা বর্জ্য থেকে জৈব সারও উৎপাদন করা হবে। প্রকল্পের জন্য ব্যবহৃত ল্যান্ডফিলের বিনিময়ে সংশ্লিষ্ট সিটি করপোরেশনকে মাসিক ভাড়া দেওয়ার ব্যবস্থাও থাকবে।
প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রকল্পে বাংলাদেশ সরকারের সরাসরি বিনিয়োগ করতে হবে না। ফলে বিদ্যুতের ক্রয়মূল্য তুলনামূলক বেশি হলেও বর্জ্য ব্যবস্থাপনা, ল্যান্ডফিল ব্যবহারের রাজস্ব এবং পরিবেশগত সুবিধাকে প্রকল্পের আর্থিক ও সামাজিক লাভ হিসেবে দেখা হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, প্রকল্পটির আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় চুক্তি আগামী ২ সেপ্টেম্বর চীনের বেইজিংয়ে হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে প্রকল্প নিয়ে এরই মধ্যে চুক্তি হয়েছে। পরবর্তী ধাপে বিনিয়োগকারী ব্যাংক, সংশ্লিষ্ট কোম্পানি ও বাংলাদেশের সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে চূড়ান্ত অর্থায়ন চুক্তি হওয়ার কথা রয়েছে।
এদিকে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের ল্যান্ডফিলে থাকা বর্জ্য থেকেও বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা নিয়ে চীনা কোম্পানি পাওয়ার চায়নার সঙ্গে আলোচনা চলছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, পাওয়ার চায়না বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করছে। প্রতিষ্ঠানটিকে দক্ষিণ সিটি করপোরেশনের ল্যান্ডফিলে জমা বর্জ্য ব্যবহার করে দ্রুত বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে অনুরোধ করা হয়েছে। প্রতিমন্ত্রীর দাবি, ওই ল্যান্ডফিলের বর্জ্য থেকে প্রতিদিন ৪০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
সাক্ষাতে চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চল এবং মোংলা বন্দর উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। মোংলা বন্দর উন্নয়নের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের সঙ্গে সংযোগ বাড়ানোর বিষয়েও চীনের আগ্রহ রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে ঢাকার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনার চাপ কমবে, অন্যদিকে বর্জ্যকে জ্বালানি হিসেবে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি হবে। তবে প্রতি ইউনিট ২৫ টাকা দরে বিদ্যুৎ কেনার ফলে প্রকল্পটির দীর্ঘমেয়াদি আর্থিক প্রভাব ও বিদ্যুতের প্রকৃত উৎপাদন ব্যয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।