উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সমন্বয়ে গঠিত মক্কা প্যাক্ট নিয়ে অন্য কারও উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, এই প্যাক্ট যদি বিস্তৃত হয়, তবে এটি হবে মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা এবং এটি আমাদের মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়।
বৃহস্পতিবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা গত ৭ আগস্ট স্বাক্ষরিত এ প্যাক্টে বাংলাদেশ যুক্ত হলে কী সুবিধা পাবে, সে বিষয়ে জানতে চান।
জবাবে ড. খলিলুর রহমান জানান, চুক্তিটি তিনটি দেশের মধ্যে হয়েছে এবং বাংলাদেশ বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে। তবে এতে যোগদানের বিষয়টি এখনো আসেনি, কারণ এটি চুক্তির সদস্য দেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তারা যদি বাংলাদেশকে এই প্যাক্টে নেওয়ার অভিপ্রায় প্রকাশ করেন, তবে বাংলাদেশ নিশ্চয়ই সেটি ইতিবাচকভাবে বিবেচনা করবে। এখনো আমন্ত্রণ জানানোর বিষয়টি না আসায় এখনই এর ভালো-মন্দ বা সম্ভাব্য লাভ-ক্ষতি নিয়ে আলোচনার সময় হয়নি বলে জানান তিনি।