উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এটি প্রশ্ন হয়েছে নাকি পল্টনের বক্তৃতা হয়েছে তা তিনি বুঝতে পারেননি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
এর আগে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও সিনেমা হল বন্ধের প্রসঙ্গ তুলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন। এছাড়া তিনি গত ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলা রক্ষায় সফল হয়েছেন কি না এবং হত্যা-জখমের পরিসংখ্যানের ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি না তা সম্পূর্ণ দৃশ্যমান রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সংঘটিত অপরাধের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, সংসদ হলো আইন প্রণয়ন ও আলোচনার জায়গা এবং এখানে তথ্যভিত্তিক কথা বলতে হবে। সুনির্দিষ্ট কোনো ঘটনার উল্লেখ করে ব্যর্থতার অভিযোগ আনা হলে তিনি সে বিষয়ে ৩০০ বিধিতে বিবৃতি দেবেন বলে সংসদকে জানান।