উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার খল অভিনেতা আশরাফুল হক ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই আদেশ দেন। এর আগে গত ২৩ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মজিবুর রহমান এই রিমান্ডের আবেদন করেছিলেন।
তদন্ত কর্মকর্তার পক্ষ থেকে আদালতে রিমান্ড চাওয়ার পেছনে তিনটি প্রধান কারণ উল্লেখ করা হয়েছে। সিআইডির দাবি, ডনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে এই হত্যা মামলার প্রকৃত রহস্য উদঘাটন করা অনেক সহজ হবে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারের জন্যও ডনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
এছাড়া, বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডন কীভাবে এবং কার প্ররোচনায় দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন, সে বিষয়েও জানতে তাকে রিমান্ডে নেওয়া জরুরি। এর আগে গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন আশরাফুল হক ডন।
বিমানবন্দর থেকে আটকের পর সেই দিনই তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে গত ১২ আগস্ট ডনকে আবারও আদালতে তোলা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ বহাল রাখেন।