উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতে চিনির সরবরাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ইন্ডিয়ান সুগার মিলস অ্যাসোসিয়েশনের (ইসমা) সভাপতি নীরজ শিরগাওকার। সম্প্রতি গণেশ চতুর্থী, দুর্গাপূজা ও দীপাবলি উপলক্ষে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চিনির চাহিদা বেশি থাকলেও উৎসবে কোনো ঘাটতি হবে না বলে তিনি আশ্বাস দেন। গত সোমবার তিনি জানান, আসন্ন উৎসবের মৌসুমকে কেন্দ্র করে দেশটিতে পর্যাপ্ত চিনির মজুদ রয়েছে।
শিরগাওকার জানান, চিনির যে রেকর্ড দরবৃদ্ধি ঘটেছে তা মূলত জল্পনাভিত্তিক কেনাকাটার কারণে হয়েছে, সরবরাহে ঘাটতির জন্য নয়। গত দুই মাসে ভারতে চিনির দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশের বেশি। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করছে উল্লেখ করে তিনি জানান, বাজারের অস্থিরতা কমাতেই কেন্দ্রীয় সরকার প্রায় ১০ বছর পর ১০ লাখ টন অপরিশোধিত চিনি শুল্কমুক্ত আমদানির অনুমতি দিয়েছে।
ইসমা জানায়, ৩০ সেপ্টেম্বর শেষ হতে যাওয়া চলতি বিপণন বছরে ভারতে ২ কোটি ৭৯ লাখ টন চিনি উৎপাদিত হয়েছে। দেশটির বার্ষিক চাহিদা ২ কোটি ৮০ থেকে ২ কোটি ৮৫ লাখ টন হলেও এ উৎপাদন গত বছরের ২ কোটি ৬১ লাখ টনের চেয়ে বেশি। এর মধ্যে কলগুলো ৩ লাখ টন চিনি ইথানল তৈরিতে পাঠিয়েছে এবং ৮ লাখ টন রফতানি করেছে।
সংস্থাটি আরও জানায়, নতুন বিপণন বছরে ভারতের হাতে প্রায় ৩৫ লাখ টন প্রারম্ভিক মজুদ থাকবে, যা আগের বছর ছিল ৫০ লাখ টন। তবে সংগঠনটির মতে, মজুদ কমলেও দেশে সরবরাহ সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই।