উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় সংসদে একনেক ও এডিপির প্রকল্পের গতিধারা ও ব্যয় পুনর্মূল্যায়ন নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। আঞ্চলিক বৈষম্য দূর করতে প্রকল্প সমন্বয়, অতিরিক্ত ব্যয় হ্রাস এবং মেগা প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিতে কাজ চলছে। বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে লিখিত প্রশ্নের জবাবে এসব কথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর পরিকল্পনা মন্ত্রণালয়ে ১ হাজার ৩৩৩টি চলমান প্রকল্পের পাশাপাশি সংশোধন প্রক্রিয়ায় নতুন করে ১ হাজার ১৬৫টি প্রকল্প যুক্ত হয়। অতীতের বিচ্ছিন্নভাবে প্রকল্প গ্রহণের ফলে দীর্ঘসূত্রতা ও অতি-ব্যয়ের জটিলতা তৈরি হয়েছে। প্রকল্পের অপ্রয়োজনীয় বিলম্ব এড়াতে এবং আঞ্চলিক বৈষম্য দূর করতে নতুন নির্দেশনা তৈরি করা হচ্ছে।
মেট্রোরেল ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের ব্যয় বৃদ্ধি নিয়ে দুর্নীতির অভিযোগ খারিজ করে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অর্থায়নে ঋণের সুদের হার ও ডলারের বিপরীতে টাকার মান পরিবর্তনের প্রভাব পড়েছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের সঙ্গে গঙ্গা চুক্তির নবায়ন এবং তিস্তা প্রকল্পে চীনের সঙ্গে কারিগরি মূল্যায়ন শুরু করার নানা কৌশলী পদক্ষেপ তুলে ধরেন।