উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতের দিল্লির পশ্চিম তিলক নগরে নিজ বাড়িতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ২১ বছর বয়সী শিক্ষার্থী ও মডেল মুসকান। বুধবার একটি ভবনের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, এ ঘটনায় মুসকানের জিম ট্রেনার ইমরানের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর তিনি পালিয়ে যান। মুসকানের চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, তবে সেখানে তার মৃত্যু হয়।
মুসকানের বন্ধু আমান জানান, তিন বোনের মধ্যে মুসকান সবার ছোট ছিলেন। ঘটনার সময় তার বড় বোন চণ্ডীগড়ে অবস্থান করছিলেন এবং তিনি ফোন করে আমানকে মুসকানের বাড়িতে যেতে বলেন। এর আগেও ইমরান মুসকানকে হয়রানি করেছিলেন বলে পরিবারের বরাত দিয়ে জানান আমান।
পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করেছে। পাশাপাশি হত্যাকাণ্ডের মূল কারণ ও পুরো বিষয়টি নিশ্চিত হতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে।