উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, চলতি বছর জুলাইয়ে বিশ্বে অপরিশোধিত ইস্পাতের উৎপাদন দশমিক ৩ শতাংশ কমে ১৪ কোটি ৯২ লাখ টনে নেমেছে। বিশ্বের সবচেয়ে বড় ইস্পাত উৎপাদক দেশ চীনে উৎপাদন কমায় বাজারে এর সামগ্রিক প্রভাব পড়েছে। হেলেনিক শিপিং নিউজ ও আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
জুলাই মাসে চীনের ইস্পাত উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ কমে ৭ কোটি ৬৯ লাখ টনে দাঁড়িয়েছে। তবে এর বিপরীতে কয়েকটি বড় উৎপাদক দেশে উৎপাদন কিছুটা বেড়েছে। ভারতের উৎপাদন ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ১ কোটি ৪৪ লাখ টনে পৌঁছেছে এবং যুক্তরাষ্ট্রের উৎপাদন ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে ৭৪ লাখ টন হয়েছে।
তুরস্কে ইস্পাত উৎপাদন ৭ শতাংশ বেড়ে ৩৪ লাখ টনে দাঁড়িয়েছে এবং জাপানে উৎপাদন দশমিক ৪ শতাংশ বেড়ে ৬৯ লাখ টন হয়েছে। এছাড়া রাশিয়ায় উৎপাদন ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ৫৭ লাখ টন, জার্মানিতে ৩ শতাংশ বেড়ে ২৮ লাখ এবং ব্রাজিলে দশমিক ১ শতাংশ বেড়ে ২৮ লাখ টন হয়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিশ্বে মোট অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে ১০৮ কোটি টন। এ সময়ে মোট উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় কমেছে দশমিক ৬ শতাংশ। বছরের প্রথম সাত মাসে চীনে উৎপাদন ৩ দশমিক ১ শতাংশ কমে ৫৭ কোটি ৭০ লাখ টনে দাঁড়িয়েছে।
জানুয়ারি-জুলাই সময়ে ভারতে উৎপাদন ৬ দশমিক ১ শতাংশ বেড়ে ১০ কোটি ১১ লাখ টন হয়েছে। যুক্তরাষ্ট্রে উৎপাদন বেড়ে ৫ কোটি ২ লাখ টন এবং তুরস্কে ৭ দশমিক ৯ শতাংশ বেড়ে ২ কোটি ৩২ লাখ টন হয়েছে। জার্মানিতে উৎপাদন ৮ দশমিক ১ শতাংশ বেড়ে ২ কোটি ১৪ লাখ টন হলেও রাশিয়ায় ৬ দশমিক ১ শতাংশ কমে ৩ কোটি ৮১ লাখ টনে নেমে এসেছে।