উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নেপালের সীমান্তবর্তী অঞ্চলে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬৫ জনে দাঁড়িয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে রাস্তাঘাট, ব্রিজ ও ঘরবাড়ি ভেসে গেছে। এই ভয়ংকর পরিস্থিতিতে নেপালে আটকে পড়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। তার সঙ্গে তার স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায় এবং শুটিং ইউনিটের অন্যান্য সদস্যরাও রয়েছেন।
গত ২০ আগস্ট শিকার সিনেমার শুটিংয়ের কাজে নেপাল যান খরাজ মুখোপাধ্যায়। রাসুয়া জেলার দুর্গম পাহাড়ি এলাকায় শুটিং চলাকালীন প্রবল বৃষ্টি শুরু হয় এবং নদীর পানি দ্রুত বাড়তে থাকে। মুহূর্তের মধ্যে রাস্তাঘাট এবং একাধিক সেতু ভেসে যায়।
ভারতীয় সংবাদমাধ্যম আজকালকে মোবাইল ফোনে পরিস্থিতি জানিয়ে খরাজ বলেন যে ২৬ আগস্ট তাদের কলকাতায় ফেরার কথা ছিল। কিন্তু রাস্তাঘাট ভেসে যাওয়া ও বিমানের টিকিট না পাওয়ায় তারা আটকে পড়েছেন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আগামী ২৮ আগস্ট গোরখপুর হয়ে দেশে ফেরার চেষ্টা করবেন তারা।
শিকার সিনেমায় অভিনয়ের জন্য চিত্রনায়িকা অপু বিশ্বাস ও অভিনেতা রজতাভ দত্তও নেপাল গিয়েছিলেন। তবে তারা বর্তমানে নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে এই বিপর্যয় মোকাবেলায় নানা তৎপরতা চলছে।