উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ১০ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিম চালু করেছে। এই স্কিমে অংশগ্রহণের জন্য সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ এবং বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান।
এই চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় তফসিলি ব্যাংকসমূহের উদ্বৃত্ত তারল্য থেকে গঠিত তহবিলের মাধ্যমে পুনঃঅর্থায়ন সুবিধা প্রদান করা হবে। দি প্রিমিয়ার ব্যাংক তাদের নিজস্ব শাখা নেটওয়ার্কের মাধ্যমে শস্য উৎপাদন, পল্লী আয়-উৎসারী কর্মকাণ্ড এবং কৃষি যন্ত্রপাতি ক্রয়ে ঋণ বিতরণ করবে। এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ খাতেও এই অর্থায়ন করা হবে, যা দেশের গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং দেশের কৃষি খাতের টেকসই উন্নয়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন। সংশ্লিষ্টদের মতে, এই পুনঃঅর্থায়ন স্কিম গ্রামীণ অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরিতেও সহায়ক হবে।