উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এভিয়েশন নিরাপত্তায় দক্ষতা ও তদারকি সক্ষমতা বাড়াতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের (ডিএফটি) এভিয়েশন সিকিউরিটি সুপারভাইজার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার পাঁচ কর্মদিবসের এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে দেশের বিভিন্ন বিমানবন্দরে কর্মরত এভসেক সুপারভাইজার ও কর্মকর্তারা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে এয়ার কমোডর মো. আসিফ ইকবাল প্রশিক্ষণ আয়োজনের জন্য ব্রিটিশ হাইকমিশন ও ডিএফটিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, পরিবর্তনশীল নিরাপত্তা হুমকি মোকাবিলায় এভিয়েশন সিকিউরিটির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মীদের জ্ঞান, দক্ষতা ও প্রস্তুতি নিয়মিত উন্নত করা জরুরি। বিমান নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের পাশাপাশি শক্তিশালী নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলার ওপরও তিনি জোর দেন।
বিশেষ অতিথি রায়ান ডানকানসন এভিয়েশন নিরাপত্তায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে পাঁচ কর্মদিবসব্যাপী ডিএফটি এভিয়েশন সিকিউরিটি সুপারভাইজার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।