উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গত কয়েক মাসে দেশের বিভিন্ন স্থানে কনসার্ট বন্ধ হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিল্পীরা। কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ও গানের অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে সংগীতাঙ্গনে। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে কড়া ভাষায় সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর।
সম্প্রতি বিএফডিসিতে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আসিফ আকবর কনসার্ট বন্ধের বিষয়গুলো সামনে নিয়ে আসেন। তিনি জানান, কিশোরগঞ্জে কনসার্ট এবং পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে গানের অনুষ্ঠান বন্ধ হওয়া সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ঘটনা। এসব ঘটনার দ্রুত সমাধান প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে আসিফ আরও বলেন, সরকারকে অবিলম্বে দেশের গান-বাজনার ভবিষ্যৎ নিয়ে সুনির্দিষ্ট ঘোষণা দিতে হবে। বাংলাদেশ সংবিধান এ বিষয়ে কী বলে, তা স্পষ্ট করার আহ্বান জানান তিনি। যদি সংবিধানে গান-বাজনা নিষিদ্ধ করা হয়, তবে শিল্পীরা দেশ ছেড়ে চলে যাবেন বলে মন্তব্য করেন এই গায়ক।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে নিজের ফেসবুক পেজ ও প্রোফাইল বন্ধ করে দিয়েছেন বলে জানান আসিফ। তিনি জানান, ফেসবুক এখন আর মাধ্যম নয়, বরং বিভ্রান্তি ছড়ানোর হাতিয়ার হয়ে উঠেছে। সব বিতর্কের বাইরে থেকে তিনি দেশের গান ও সংস্কৃতির পক্ষে কথা বলে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।