উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সমরাস্ত্র ও গোলাবারুদের দেশীয় উৎপাদন বাড়িয়ে প্রতিরক্ষা খাতে প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এর অংশ হিসেবে চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের নিয়ন্ত্রণাধীন জলিল টেক্সটাইল মিলস লিমিটেডের ৫৪ দশমিক ৯৯ একর জমি বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি সম্প্রসারণের জন্য সেনাবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভাটিয়ারিতে আয়োজিত এক অনুষ্ঠানে জমি হস্তান্তর ও এ-সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। পরে বিটিএমসির চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে মিলিটারি এস্টেট অফিসার, ইস্টার্ন সার্কেল, চট্টগ্রাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাঁর বক্তব্যে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানান। আধুনিকায়নের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি এবং সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকার শুধু প্রতিরক্ষা সামগ্রী নয়, দেশে উৎপাদিত সব ধরনের পণ্যকে আন্তর্জাতিক বাজারে সমাদৃত ও মানসম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিটিএমসি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব. ড. এ কে এম শামছুল ইসলাম এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিওএফ সম্প্রসারণের ফলে আধুনিক সমরাস্ত্র ও গোলাবারুদের দেশীয় উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং এর মাধ্যমে প্রতিরক্ষা সরנגামের ক্ষেত্রে বিদেশের ওপর নির্ভরতা কমবে।