উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপার সংগীত পরিবেশনা, দেশ-বিদেশের শিল্পীদের অংশগ্রহণ এবং ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতির মধ্যদিয়ে প্যারিসে সফলভাবে শেষ হয়েছে ‘মৌলভীবাজার জেলা উৎসব-২০২৬’। সোমবার প্যারিসের জুরিস পার্কে অনুষ্ঠিত এ উৎসবে মৌলভীবাজারসহ বাংলাদেশের বিভিন্ন জেলার প্রবাসীরা পরিবার-পরিজন নিয়ে অংশ নেন। গান, সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা, সম্মাননা ও পুরস্কার বিতরণে উৎসবস্থল পরিণত হয় প্রাণবন্ত এক মিলনমেলায়।
এ উৎসবের প্রধান আকর্ষণ ছিলেন কনকচাঁপা এবং তার গান শুনতে জুরিস পার্কে জড়ো হন বিপুলসংখ্যক দর্শক। দীর্ঘ প্রতীক্ষার পর মঞ্চে উঠে একের পর এক জনপ্রিয় গান গেয়ে মুগ্ধতা ছড়ান তিনি। কনকচাঁপার কণ্ঠে ‘অনেক সাধনার পরে’, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘সাগরিকা’ ও ‘প্রেমের তাজমহল’-এর মতো গানগুলো দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে এবং দর্শকরাও গানের সঙ্গে কণ্ঠ মেলান।
অনুষ্ঠানে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী প্রবাসীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। আয়োজকদের মতে, সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে পরিবার ও নতুন প্রজন্মকে উৎসবের সঙ্গে সম্পৃক্ত করাই ছিল এ উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য।
অনুষ্ঠানের শুরুতে মৌলভীবাজারের সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তি ও গণ্যমান্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পুরো অনুষ্ঠান অত্যন্ত সফলভাবে সঞ্চালনা ও পরিচালনা করেন আবদুল্লাহ আল তাইফ।