উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জনগণের সমস্যা, অভিযোগ ও প্রত্যাশা সরাসরি শুনে জবাব দিতে নাগরিকদের মুখোমুখি হচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। ‘সমস্যা বলুন, জবাব নিন’ শীর্ষক এ আয়োজনে আগামী ২৯ আগস্ট ঢাকার মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে চতুর্থ টাউন হল সভা।
টাউন হল সভা প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব শুধু নির্বাচনের সময় জনগণের কাছে যাওয়া নয়। নিয়মিত জবাবদিহি করা এবং তাদের সমস্যা সমাধানে পাশে থাকাই জনপ্রতিনিধিত্বের মূল দায়িত্ব। এই সভার মাধ্যমে সরাসরি নাগরিকদের কথা শুনে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
তিনি বলেন, কোনো সমস্যা শুধু শুনে রাখাই এ আয়োজনের উদ্দেশ্য নয় বরং সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে সমস্যার বাস্তবসম্মত ও দ্রুত সমাধানের পথ বের করাই লক্ষ্য। জনগণের অংশগ্রহণ ছাড়া একটি এলাকার টেকসই উন্নয়ন কখনো সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
সভায় ঢাকা-১৩ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক সেবা, মাদক, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধ, সড়ক ও অবকাঠামো, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অগ্নিনিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। সমস্যার দ্রুত সমাধানে সিটি করপোরেশন, পুলিশ, ওয়াসা, তিতাস, ফায়ার সার্ভিস ও র্যাবসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।