উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
‘মক্কা চুক্তি’ নামে পরিচিত সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের এ প্রতিরক্ষা চুক্তি গত ৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে। চুক্তির আওতায় তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মক্কা চুক্তি তিনটি দেশের ভেতরে হয়েছে। আমরা এটাকে ইতিবাচক হিসেবে দেখছি।”
বাংলাদেশ এই চুক্তিতে যোগ দেবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো যোগদান বা যোগ না দেওয়ার বিষয়টি আসেনি। বিষয়টি চুক্তির সদস্য দেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করবে।
তিনি বলেন, তিন দেশ যদি বাংলাদেশকে চুক্তিতে যুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে, তাহলে বাংলাদেশ বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চুক্তিটি ভবিষ্যতে বিস্তৃত হলে তা বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা হিসেবে বিবেচিত হতে পারে।
তার ভাষায়, “এটা আমাদের মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। সুতরাং এটা নিয়ে অন্যান্যদের উদ্বেগের কোনো অবকাশ নেই।”
এদিকে জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ পরিষদের বৈঠকের ফাঁকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ-সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে দুই পক্ষ। একই সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
বৈঠকে প্রতিমন্ত্রী সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি চিঠি হস্তান্তর করেন।
হুমায়ুন কবির বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হয়েছে। এসব সফর দুই দেশের বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর নতুন সুযোগ তৈরি করেছে। ভবিষ্যতে আরও উচ্চপর্যায়ের সফরের সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সৌদি আরবের অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর মধ্যে রয়েছে। দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে উল্লেখ করে তিনি বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পৃক্ততা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন।
এ সময় সৌদি আরবের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানেরও প্রশংসা করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুল করিম আল-খারেজি, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকের শেষ পর্যায়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা ও অর্থনৈতিক অংশীদারত্ব—এই তিন ক্ষেত্রেই সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগামী দিনে আরও বিস্তৃত করার বার্তা দিয়েছে দুই দেশ।