উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জার্মানিতে শীত মৌসুম শুরুর আগে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) মজুদ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দেশটির সংরক্ষণাগারগুলোতে বর্তমানে ধারণক্ষমতার মাত্র ৫০ শতাংশ গ্যাস রয়েছে। সাম্প্রতিক বছরগুলোর একই সময়ের তুলনায় এ পরিমাণ সর্বনিম্ন বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
জার্মানির জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল নেটওয়ার্ক এজেন্সির তথ্য অনুযায়ী, গত বুধবার দেশটির গ্যাস সংরক্ষণাগারগুলো প্রায় ৫০ শতাংশ পূর্ণ ছিল। সাম্প্রতিক বছরগুলোর গড়ের তুলনায় এটি প্রায় ২৬ শতাংশ কম। দেশটির নিয়ম অনুযায়ী সাধারণত ১ নভেম্বরের মধ্যে গ্যাস সংরক্ষণাগার ৮০ শতাংশ পূর্ণ করার কথা।
গ্যাসের এমন কম মজুদ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে দেশটির বিরোধী দল। বাম দলের জ্বালানি নীতিবিষয়ক মুখপাত্র ইয়র্গ সেজানে রাইনিশে পোস্টকে বলেন, বর্তমান অনিশ্চিত বৈশ্বিক জ্বালানি পরিস্থিতিতে প্রাকৃতিক গ্যাসের মজুদ অর্ধেক রেখেই শীতের প্রকোপ কম বা সরবরাহ স্বাভাবিক থাকবে, এমন আশা করা ঝুঁকিপূর্ণ।
গ্রিন পার্টির নেতা মিশায়েল কেলনার এলএনজি আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতার বিষয়ে সতর্ক করেছেন। তিনি জানান, গত বছর বাল্টিক সাগর জমে যাওয়ায় একটি এলএনজি টার্মিনাল কয়েক সপ্তাহ বন্ধ ছিল। জ্বালানি নিয়ন্ত্রক সংস্থার প্রধান ক্লাউস মুলার জানান, বর্তমানে প্রায় ১২৩ দশমিক ৪ টেরাওয়াট-ঘণ্টা গ্যাস মজুদ রয়েছে।