উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আকাশ পুরোপুরি পরিষ্কার থাকা সত্ত্বেও নেপাল ও চীনের তিব্বত সীমান্ত অঞ্চলে ঘটে গেছে এক বিরল হিমবাহ ধস ও আকস্মিক বন্যা। চোখের পলকে পাহাড়ের ওপর থেকে নেমে আসা কাদা, পাথর ও বরফের স্রোতে মানুষ ১ মিনিটের কিয়ামত অনুভব করেছে। এ পর্যন্ত অন্তত ৩৬২ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং শিশু ও বিদেশি পর্যটকসহ দেড় হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
প্রধান প্রধান সেতু ও মহাসড়ক ধসে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্গম এলাকাগুলোতে উদ্ধারকর্মীদের পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। নেপাল পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, বন্যা কবলিত অঞ্চলগুলোতে অন্তত ৬৪৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন যার মধ্যে ৫১৭ জন বিদেশি ও ১২৭ জন স্থানীয়। রয়টার্সের তথ্য অনুযায়ী নিখোঁজদের মধ্যে ভারতীয় পর্যটকের পাশাপাশি মার্কিন, ইউক্রেনীয়, অস্ট্রেলীয়, ব্রিটিশ ও কানাডীয় নাগরিকরাও রয়েছেন।
দুর্যোগ মোকাবিলায় নেপাল সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর প্রায় সাড়ে ৯ হাজার সদস্য মাঠে কাজ করছেন। নদীর স্বাভাবিক প্রবাহ আটকে তৈরি হওয়া একটি কৃত্রিম হ্রদের পানির স্তর ক্রমাগত বাড়তে থাকায় নতুন প্লাবনের ঝুঁকি তৈরি হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বিশ্লেষণ অনুযায়ী, কোনো ভূমিকম্পের ফলে নয়, বরং প্রকাণ্ড হিমবাহ ধস ও পাথরের ভূমিধসের কারণেই এই বিপর্যয় ঘটেছে।
এই ভয়াবহ পরিস্থিতিতে ত্রাণ ও উদ্ধারকাজে এগিয়ে এসেছে ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। ভারত ইতোমধ্যে জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়েছে এবং আরও ত্রাণ নিয়ে বিমান রওনা হয়েছে। এছাড়া চীন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন আর্থিক ও বিশেষজ্ঞ দল দিয়ে নেপালের পাশে দাঁড়িয়েছে।