উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একটি সঠিক ও নির্ভুল মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়ন করা। বিগত সরকার এই তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করায় বিষয়টি নিয়ে বড় ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর আমরা যেখানেই যাচ্ছি, সাধারণ মানুষসহ প্রবীণ মুক্তিযোদ্ধারা জানতে চাইছেন ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাদ দিতে ও রাষ্ট্রীয় অর্থ অপচয় বন্ধে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ বিষয়ে আমাদের অবস্থান একদম পরিষ্কার এবং তালিকা সংশোধনে করণীয় ঠিক করতে সম্প্রতি আমরা বীর প্রতীক ও বীর বিক্রম খেতাবপ্রাপ্তসহ সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় করেছি। একটি বাস্তবসম্মত কর্মপদ্ধতি চূড়ান্ত হলে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে তা সংবাদমাধ্যমকে জানাব। তালিকা সংশোধনের জন্য আমরা কার্যকর পদক্ষেপ নিচ্ছি এবং আমাদের পরিকল্পনা রয়েছে আগামী এক থেকে দুই বছরের মধ্যে প্রতিটি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সরেজমিনে গবেষণা কার্যক্রম পরিচালনা করার।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের তালিকায় রাজাকারের নাম এবং রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম চলে আসায় বিতর্ক সৃষ্টি হয়েছিল। আমরা প্রাথমিকভাবে তিনটি তালিকাকে লক্ষ্য রেখে কাজ শুরু করেছি যার প্রথমটি হলো কারা প্রকৃত মুক্তিযোদ্ধা এবং কারা অমুক্তিযোদ্ধা তা স্পষ্টভাবে চিহ্নিত করা। বর্তমানে প্রায় ১ লাখ ৯৬ হাজারের বেশি মানুষ মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত ও তালিকাভুক্ত রয়েছেন এবং তাদের স্মার্ট কার্ডও দেওয়া হয়েছে।
দ্বিতীয়ত মুক্তিযুদ্ধের শহীদের সঠিক সংখ্যা ও তালিকা প্রণয়ন করা এবং তৃতীয়ত বীরাঙ্গনাদের বিদ্যমান তালিকাটি সঠিক ও সুনির্দিষ্ট করা। এছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস ১৯৭২ সাল থেকেই বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এবং ওই সময় মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ তাদের ব্যক্তিগত সম্পদে পরিণত করার অপচেষ্টা চালিয়েছিল। আমরা এ ধরনের কোনো দলীয় ইতিহাস চাই না এবং একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি মনে করি সঠিক ইতিহাস সবার সামনে উন্মোচিত হওয়া উচিত।