উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নিয়ে ভুয়া মৃত্যুর খবর ছড়ানোর প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি এই ধরনের অপপ্রচারের শিকার হয়েছেন চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা ও নিরাপদ সড়ক চাই বা নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। গত বুধবার সন্ধ্যা থেকেই তার মৃত্যুর খবর নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। তবে তার পরিবার ও নিসচা সূত্র নিশ্চিত করেছে যে এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
কাঞ্চন পরিবার জানিয়েছে, একশ্রেণির অসাধু ব্যবহারকারী ভুয়া খবর ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তারা জানান, তিনি লন্ডনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থেকে চিকিৎসা নিচ্ছেন। ইলিয়াস কাঞ্চনকে নিয়ে এমন গুজবের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে নিসচা। সংগঠনটির কেন্দ্রীয় কমিটিসহ সারা দেশের প্রায় ১২০টি শাখার নেতাকর্মীরা যৌথ বিবৃতিতে এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। একইসঙ্গে এই স্পর্শকাতর গুজবের পেছনে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে ভুগছেন এই অভিনেতা। গত বছরের এপ্রিলে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে তিনি লন্ডনে যান এবং আগস্টে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। তবে টিউমারটি পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি এবং পরবর্তীতে চিকিৎসকরা নিশ্চিত করেন যে তিনি ব্রেন ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেখানে তার কেমোথেরাপি ও ওরালথেরাপি চলমান রয়েছে।