উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের ডিজিটাল অপারেটর বাংলালিংক তাদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতার একটি নতুন রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করেছে। পরিবেশবান্ধব ও টেকসই ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এই ব্যবস্থা স্থাপন করা হয়েছে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ডেটা সেন্টারের মোট ২ হাজার ৫০০ বর্গফুট অব্যবহৃত ছাদ ব্যবহার করে এই সৌরবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। এখান থেকে প্রতিবছর প্রায় ৮৫ হাজার কিলোওয়াট-ঘণ্টা সবুজ বিদ্যুৎ উৎপাদিত হবে বলে আশা প্রকাশ করছে অপারেটরটি। পাশাপাশি, দিনের বেলায় পর্যাপ্ত রোদ থাকলে এই সিস্টেমের মাধ্যমে গ্রিডের প্রায় ৬ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হবে।
এই উদ্যোগের ফলে বার্ষিক সর্বোচ্চ ৫২ টন কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে এবং জ্বালানি খরচ বাবদ প্রায় ১২ লাখ টাকা সাশ্রয় হবে। বাংলালিংকের চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার হুসেইন তুর্কার জানিয়েছেন, টেকসই ডিজিটাল অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে এই পদক্ষেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর আগে ২০২৫ সালে গাজীপুরের ডেটা সেন্টারে ৮০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করেছিল বাংলালিংক। ওই সময় দেশের প্রথম মোবাইল নেটওয়ার্ক অপারেটর হিসেবে ডেটা সেন্টারে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু করেছিল তারা, যার ধারাবাহিকতায় এবার কুমিল্লায় এই নতুন প্রকল্পটি বাস্তবায়ন করা হলো।