উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বলিউড সুপারস্টার শাহরুখ খানের স্বপ্নের ঠিকানা মুম্বাইয়ের ঐতিহাসিক সমুদ্রমুখী বাংলো মান্নাত। সংস্কারকাজের জন্য গত দেড় বছর ধরে এই বাড়িটি থেকে দূরে ছিলেন অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সংস্কারকাজ প্রায় শেষের পথে থাকায় খুব দ্রুতই সপরিবারে মান্নাতে ফিরতে চলেছেন তিনি।
১৯১৪ সালে নির্মিত মান্নাতকে ছয়তলা থেকে আটতলা করার পরিকল্পনা করেছিলেন শাহরুখ ও গৌরী খান। প্রশাসনিক জটিলতা ও আদালতের অনুমতি পাওয়ার পর শুরু হয় এই সম্প্রসারণের কাজ। সংস্কার চলাকালীন পালি হিলসে জ্যাকি ভাগনানির একটি ভাড়া বাংলোয় তিন বছরের জন্য উঠেছিলেন শাহরুখ, যার মাসিক ভাড়া প্রায় ১১ লাখ ৫৪ হাজার রুপি।
মান্নাতের নতুন দুই তলার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং সবকিছু পরিকল্পনা মতো চললে আগামী দুই-তিন মাসের মধ্যে পুরো কাজ সম্পন্ন হবে। চলতি বছর শাহরুখ ও গৌরীর জনপ্রিয় দিওয়ালি পার্টি এই বাড়িতেই হবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই বলিউডে জল্পনা শুরু হয়েছে। প্রায় আড়াই হাজার বর্গমিটার জায়গাজুড়ে থাকা এই সম্পত্তিটিতে প্রায় ২২৫ কোটি রুপি খরচ করছেন তারকা দম্পতি।