উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মধ্যপ্রাচ্য সংঘাতের ছয় মাস পূর্ণ হওয়ার দিনে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নতুন প্রধান কেভিন ওয়ারশকে ঘিরে উদ্বেগ এবং ওয়াশিংটনের ঋণ পুনঃক্রয় পরিকল্পনা বাজারে চাপ সৃষ্টি করেছে। এর ফলে ট্রেজারি বন্ড বিনিয়োগকারীদের জন্য নিরাপদ আশ্রয় হয়ে উঠতে পারেনি।
যুদ্ধের বড় প্রভাব পড়েছে খাদ্য ও সারের বাজারে, যেখানে হরমুজ প্রণালি বন্ধ থাকায় সার পরিবহনে ব্যাঘাত ঘটে। শক্তিশালী এল নিনো এবং ইউক্রেন যুদ্ধের কারণে শস্য পরিবহনে জটিলতা বৈশ্বিক কৃষি উৎপাদনে চাপ বাড়িয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা জানিয়েছে, জুলাইয়ে খাদ্যের দাম তিন বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং সামনে খাদ্য মূল্যস্ফীতির নতুন ধাক্কা আসতে পারে।
উপসাগরীয় অর্থনীতিতে যুদ্ধের সরাসরি ধাক্কায় সৌদি আরবের রফতানি দ্বিতীয় প্রান্তিকে ১০ শতাংশ কমেছে। জেপিমরগ্যানের হিসাব অনুযায়ী দুবাইয়ের আবাসন খাতে সম্পত্তি বিক্রি ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। ফেব্রুয়ারির শেষের দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলার মধ্য দিয়ে এই সংঘাতের সূচনা হয়।
এপ্রিলে ব্রেন্ট ক্রুডের দাম সাময়িকভাবে ব্যারেলপ্রতি ১২০ ডলার ছাড়িয়ে যায় এবং ২০২৬ সালে এর গড় দাম দাঁড়ায় প্রায় ৯০ ডলার। পরিশোধিত জ্বালানি বিশেষ করে ডিজেলের বাজার সংকটের মুখে পড়ে এবং রাশিয়ার শোধনাগারে ইউক্রেনের হামলার কারণে উৎপাদন ব্যাহত হয়। উত্তর গোলার্ধে শীত আসন্ন হওয়ায় হরমুজ প্রণালিতে নতুন ব্যাঘাত ঘটলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
সংকটকালে স্বর্ণ, ডলার ও উচ্চমানের সরকারি বন্ডের মতো প্রচলিত নিরাপদ আশ্রয়গুলো আশানুরূপ ভূমিকা রাখতে পারেনি। যুদ্ধ শুরুর পর ডলারের দাম ১ দশমিক ৪ শতাংশ বাড়লেও এর বড় অংশ এসেছে জাপানি ইয়েনের দুর্বলতার কারণে। মার্কিন মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কায় সুদহার কমানোর প্রত্যাশা কমায় ট্রেজারি বন্ডের রিটার্নও হ্রাস পেয়েছে।