উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে দেশে বাস্তবায়নাধীন প্রকল্পের কাজ পাওয়া বিদেশী প্রতিষ্ঠানের পক্ষে ব্যাংক গ্যারান্টি ও এসবিএলসি দেওয়ার সুযোগ উন্মুক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। স্থানীয় কন্ট্রাক্টর, এজেন্ট বা অনুমোদিত প্রতিনিধিদের অনুকূলে বৈদেশিক মুদ্রায় এ ধরনের গ্যারান্টি বা স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট ইস্যু করা যাবে। গত কাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে করে বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিদেশী কোম্পানির অংশগ্রহণ আরো সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নতুন এই নির্দেশনার ফলে আন্তর্জাতিক দরপত্রে কাজ পাওয়া বিদেশী কোম্পানির পক্ষে সরকারি কর্তৃপক্ষ, স্বায়ত্তশাসিত সংস্থা বা ক্রয়কারী প্রতিষ্ঠানের অনুকূলে বিড বন্ড ও পারফরম্যান্স গ্যারান্টি দেওয়া সম্ভব হবে। অনুমোদিত ডিলার বা এডি ব্যাংকগুলো নির্দিষ্ট শর্ত সাপেক্ষে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে এই সেবা দিতে পারবে। তবে এর জন্য বিদেশী ও স্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে প্রকৃত ব্যবসায়িক চুক্তিভিত্তিক সম্পর্ক থাকতে হবে যা যথাযথ নথিপত্র দিয়ে প্রমাণ করতে হবে। পাশাপাশি গ্যারান্টি বা এসবিএলসি ইস্যুর ক্ষেত্রে ব্যাংকগুলোকে পর্যাপ্ত কাউন্টার-সিকিউরিটি এবং নিজস্ব ঝুঁকি ব্যবস্থাপনা নীতি কঠোরভাবে অনুসরণ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, গ্যারান্টি দাবি উত্থাপিত হলে সাধারণত সমপরিমাণ টাকায় তা নিষ্পত্তি করতে হবে তবে চুক্তিতে সুনির্দিষ্ট শর্ত থাকলে বৈদেশিক মুদ্রায় তা পরিশোধ করা যাবে। এর আগে গত ২০২৫ সালের ২ সেপ্টেম্বর জারি করা এফই প্রজ্ঞাপন নং ৩৪-এর ১৩ নম্বর অনুচ্ছেদে দেশীয় প্রতিষ্ঠানের পক্ষে গ্যারান্টি ইস্যুর বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। বর্তমান এই নতুন প্রজ্ঞাপন জারির মাধ্যমে আন্তর্জাতিক দরপত্রে অংশ নেওয়া বিদেশী কোম্পানির স্থানীয় অংশীদারদের জন্য গ্যারান্টি ও এসবিএলসি ব্যবস্থার পথ আরো সুগম করা হলো।