উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইল এলাকায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাইপাইল এলাকায় ‘দৈনিক অন্যায়ের চিত্র’ নামের একটি পত্রিকা ও কয়েকটি সামাজিক সংগঠনের পরিচয়ের আড়ালে ওই প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছিল। প্রশাসনের অভিযোগ, প্রতিষ্ঠানের ভেতরে অনুমোদনহীন জন্মনিয়ন্ত্রণ সামগ্রী প্যাকেটজাত ও মজুত করা হচ্ছিল।
অভিযানে বিপুল পরিমাণ কনডম, অন্যান্য জন্মনিয়ন্ত্রণ সামগ্রী এবং যৌন উত্তেজক ওষুধ পাওয়া যায়। প্রশাসনের দাবি, এসব সামগ্রীর একটি বড় অংশ পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ উপায়ে আনা হয়েছিল। এতে সরকারের রাজস্ব ক্ষতির পাশাপাশি মান নিয়ন্ত্রণ না থাকায় জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, একই প্রতিষ্ঠানে এর আগেও অভিযান পরিচালনা করা হয়েছিল। ওই সময় চার লাখ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ভবনটি সিলগালা করে দেওয়া হয়।
পরবর্তীতে বৈধভাবে ব্যবসা পরিচালনার শর্তে সিলগালা খুলে দেওয়া হলেও প্রশাসনের অভিযোগ, শর্ত মানেনি প্রতিষ্ঠানটি। গোপনে আবারও নকল কনডম, যৌন উত্তেজক ওষুধসহ বিভিন্ন অনুমোদনহীন সামগ্রীর কার্যক্রম চালানো হচ্ছিল বলে দাবি প্রশাসনের।
অভিযানস্থলে থাকা ‘দৈনিক অন্যায়ের চিত্র’ কার্যালয়ের সাইনবোর্ডে মালিক হিসেবে মো. শাহাদত হোসেন শান্তুর নাম উল্লেখ করা হয়েছে। একই সাইনবোর্ডে তাকে ঢাকা প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, হিউম্যান রাইটস লিগ্যাল এইড (সেন্টার ফাউন্ডেশন)-এর ডিএম ও কো-অর্ডিনেটর, বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সমাজকল্যাণ সম্পাদক, বাংলাদেশ কনজ্যুমার রাইটস সোসাইটির ডিএম ও পরিচালক, স্বপ্ন ট্রেডিং ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী এবং ইন্টারন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।
তবে সাইনবোর্ডে উল্লেখ করা এসব পদ-পদবির সত্যতা তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়েছে। এটি কোনো বৈধ প্রতিষ্ঠান নয় বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। সেখানে অনুমোদনহীন জন্মনিয়ন্ত্রণ সামগ্রী অবৈধভাবে প্যাকেটজাত ও মজুত করা হচ্ছিল।
তিনি বলেন, এসব পণ্যের অধিকাংশ পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ উপায়ে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফলে সরকার রাজস্ব হারাচ্ছে। একই সঙ্গে পণ্যের গুণগত মান যাচাইয়ের সুযোগ না থাকায় স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে।
ইউএনও জানান, অভিযানে উদ্ধার করা বিপুল পরিমাণ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।
অভিযানের সময় প্রতিষ্ঠানের কর্ণধার মো. শাহাদত হোসেন শান্তু ঢাকায় অবস্থান করায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। প্রতিষ্ঠানের কর্মচারীরাও ঘটনাস্থল থেকে সরে যায় বলে প্রশাসন জানিয়েছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ইউএনও সাইফুল ইসলাম।
তবে জব্দ করা পণ্যের প্রকৃত মান, আমদানি ও উৎপাদনের বৈধতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় তদন্তের মাধ্যমে চূড়ান্তভাবে নির্ধারিত হবে।