উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মুগদায় মুরগি ব্যবসার আড়ালে মাদক কারবার চালানোর অভিযোগে ইসহাক (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (২৮ আগস্ট) মুগদা থানাধীন দক্ষিণ মুগদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং এ সময় তার কাছ থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মুগদাপাড়ার ১৪৯ নম্বর এলাকায় ইসহাকের নিজ বসতঘরে তল্লাশি চালানো হয়। অভিযানে ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং তিনি ঢাকার স্থায়ী বাসিন্দা ও দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন।
এ ঘটনায় পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে মুগদা থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সরকারি ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।