উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শুক্রবার (২৮ আগস্ট) নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী জানান, দেশটির নিরাপত্তা সংস্থাগুলোই বর্তমানে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। তাই এই মুহূর্তে বিদেশি উদ্ধারকারী দলের প্রয়োজন নেই।
সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের কয়েকটি শহর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। চীনের সীমান্তবর্তী রাসুয়া জেলায় বন্যার পানির তোড়ে পুরো এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে জলবিদ্যুৎ প্রকল্পসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো। দেশটিতে মৃতের সংখ্যা প্রায় ৫০০-তে পৌঁছেছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে।
এদিকে দুর্যোগের পর থেকে কয়েক শ বিদেশি নাগরিকেরও সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে দক্ষিণ কোরিয়ার নাগরিকও রয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একটি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত নয়জন দক্ষিণ কোরীয় নাগরিক নিখোঁজ এবং আরও ১০ জন সেখানে আটকা পড়েছেন।
দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তারা ইতোমধ্যে নেপালে একটি জরুরি প্রতিক্রিয়া দল পাঠিয়েছে। পাশাপাশি আরও একটি দুর্যোগ ত্রাণ দল পাঠানোর প্রস্তুতি রয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নেপাল এখনো বিদেশি উদ্ধারকারী দল গ্রহণের পরিকল্পনা করছে না। তবে এ বিষয়ে কাঠমান্ডুর সঙ্গে আলোচনা চালিয়ে যাবে সিউল।
দক্ষিণ কোরিয়া আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে নেপালে মানবিক সহায়তা হিসেবে ১০ লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।
নেপালের সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশসহ কয়েকটি দেশ তাদের অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে।
তবে নেপাল বলছে, দেশটির নিজস্ব নিরাপত্তা ও উদ্ধারকারী সংস্থাগুলো পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। ফলে আপাতত বিদেশি উদ্ধারকারী দলের প্রয়োজন নেই।
নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী বলেন, বিদেশি দেশগুলোর সহায়তার প্রস্তাব স্বাভাবিক বিষয়। তবে বর্তমানে নেপালের নিজস্ব নিরাপত্তা সংস্থাগুলো উদ্ধারকাজ পরিচালনা করছে। এই মুহূর্তে বিদেশি সহায়তার প্রয়োজন নেই।
বিদেশি উদ্ধারকারী দল গ্রহণে নেপালের অনাগ্রহের পেছনে রাসুয়া জেলার ভৌগোলিক অবস্থানও ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন দেশটির সাবেক এক কূটনীতিক।
সাবেক জাতিসংঘ দূত দিনেশ ভট্টরাইয়ের মতে, রাসুয়া চীনের তিব্বত সীমান্তবর্তী হওয়ায় অঞ্চলটির কৌশলগত ও কূটনৈতিক সংবেদনশীলতা রয়েছে। এ কারণে নেপাল বিদেশি উদ্ধারকারী দল গ্রহণের বিষয়ে সতর্ক অবস্থান নিতে পারে।
তবে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাখ্যা নাকচ করে দিয়েছে। মুখপাত্র ছেত্রী বলেছেন, চীনের সংবেদনশীলতার কারণে বিদেশি উদ্ধারকারী দল প্রত্যাখ্যান করা হয়নি; বরং নেপালের নিজস্ব উদ্ধারকারী দলই বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে।
এদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার নেপালের প্রেসিডেন্টের কাছে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন।