উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কানাডাভিত্তিক গণমাধ্যম ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের ‘দ্য ১৫০ ট্রিলিয়ন ডলার গ্লোবাল ইকোনমি ইন ২০৩০’ শীর্ষক প্রতিবেদনে আইএমএফের পূর্বাভাসের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতির সম্ভাব্য অবস্থান তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০৩০ সালে বিশ্বের প্রায় ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশ ৩২তম বৃহৎ অর্থনীতি হতে পারে।
আইএমএফের পূর্বাভাসে ২০৩০ সালে বাংলাদেশের জিডিপি প্রায় ৬৭৭ বিলিয়ন ডলার হতে পারে। একই সময়ে মালয়েশিয়ার অর্থনীতির আকার ৬৭২ দশমিক ৫ বিলিয়ন এবং ভিয়েতনামের ৬৬৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে।
এ ছাড়া ডেনমার্কের জিডিপি ৫৮৯ দশমিক ২ বিলিয়ন এবং হংকংয়ের ৫৩৬ দশমিক ৯ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
এই হিসাব অনুযায়ী, ২০৩০ সালে মালয়েশিয়া বিশ্বের ৩৩তম, ভিয়েতনাম ৩৪তম, ডেনমার্ক ৪০তম এবং হংকং ৪২তম বৃহৎ অর্থনীতি হিসেবে অবস্থান করতে পারে।
বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে ২০৩০ সালেও যুক্তরাষ্ট্রের অবস্থান অটুট থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। ওই বছর দেশটির জিডিপির আকার প্রায় ৩৭ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার হতে পারে।
দ্বিতীয় অবস্থানে থাকবে চীন। দেশটির অর্থনীতির আকার প্রায় ২৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
তবে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার লড়াইয়ে জার্মানি ও ভারতের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার আভাস রয়েছে। ২০৩০ সালে দুই দেশের জিডিপির ব্যবধান মাত্র প্রায় ৫ বিলিয়ন ডলার হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, জার্মানির জিডিপি দাঁড়াতে পারে ৬ হাজার ১৭৮ বিলিয়ন ডলারে। ভারতের ৬ হাজার ১৭৩ বিলিয়ন এবং যুক্তরাজ্যের ৫ হাজার ১৪৮ বিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
বিশ্বের শীর্ষ পাঁচ অর্থনীতি—যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি, ভারত ও যুক্তরাজ্য—মিলে বৈশ্বিক জিডিপির প্রায় ৫৩ দশমিক ৩ শতাংশ উৎপাদন করতে পারে। এর মধ্যে একাই যুক্তরাষ্ট্রের অংশ বৈশ্বিক অর্থনীতির এক-চতুর্থাংশের বেশি হতে পারে।
এদিকে জাপান, ফ্রান্স, ব্রাজিল, ইতালি ও কানাডাও ২০৩০ সালে বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির তালিকায় থাকার পূর্বাভাস রয়েছে।
আগামী পাঁচ বছরে বৈশ্বিক অর্থনীতিরও উল্লেখযোগ্য সম্প্রসারণের পূর্বাভাস দিয়েছে আইএমএফ। সংস্থাটির ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অনুযায়ী, ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে বিশ্ব অর্থনীতির আকার প্রায় ২৫ ট্রিলিয়ন ডলার বাড়তে পারে।
আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বিশ্বের মোট অর্থনীতির আকার ১৫০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
তবে বাংলাদেশের ক্ষেত্রে এই পূর্বাভাস বাস্তবায়িত হবে কি না, তা নির্ভর করবে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতা, বিনিয়োগ, রপ্তানি, উৎপাদনশীলতা, কর্মসংস্থান এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার ওপর।