উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্লেষকদের মতে, ইরানের ওপর চাপ এখন এমন একটি জায়গায় গিয়ে পড়েছে, যেখানে দেশটির দুর্বলতা সবচেয়ে বেশি। তেল রপ্তানি কমে যাওয়া, মূল্যস্ফীতি, খাদ্যের দাম বৃদ্ধি, বৈদেশিক লেনদেনে সংকট এবং সমুদ্রপথে বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের ওপর চাপ ক্রমেই বাড়ছে।
ফলে ছয় মাস আগে যে যুদ্ধকে ইরান ‘টিকে থাকার বিজয়’ হিসেবে উপস্থাপন করতে পারত, এখন সেই অবস্থান ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।
যুদ্ধের শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসে। এরপর তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা করা হয়।
তেহরান এটিকে ধারাবাহিকতা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার প্রমাণ হিসেবে তুলে ধরে। কিন্তু নতুন সর্বোচ্চ নেতার প্রকাশ্য উপস্থিতি এখনো নিশ্চিতভাবে দেখা যায়নি। তার নামে বিভিন্ন নির্দেশ জারি হলেও তিনি জনসমক্ষে না আসায় নানা প্রশ্ন ও গুঞ্জন তৈরি হয়েছে।
যুদ্ধের প্রথম দিকের হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মোহাম্মদ পাকপুর এবং সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদোলরহিম মুসাভিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন।
পরবর্তী সময়ে নতুন সামরিক নেতৃত্ব নিয়োগ করতে হয়েছে তেহরানকে। আগস্টে আহমাদ ওয়াহিদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের প্রধান এবং আলী আবদোল্লাহিকে চিফ অব স্টাফ করা হয়।
একটি চলমান যুদ্ধের ষষ্ঠ মাসে এসে সামরিক কমান্ড পুনর্গঠন করতে হওয়াই ইরানের ওপর চাপের মাত্রা বোঝাতে যথেষ্ট বলে মনে করছেন বিশ্লেষকেরা।
যুদ্ধের সামরিক পর্যায়ের পাশাপাশি যুক্তরাষ্ট্র এখন আরও জোরালোভাবে অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে।
ইরানের তেল রপ্তানি যুদ্ধের আগে দৈনিক প্রায় ১৮ লাখ ব্যারেল থাকলেও তা নেমে এসেছে পাঁচ লাখ ব্যারেলের নিচে। একই সময়ে দেশটিতে মূল্যস্ফীতি প্রায় ৯০ শতাংশের কাছাকাছি পৌঁছেছে এবং খাদ্যের দাম এক বছরের ব্যবধানে দ্বিগুণেরও বেশি হয়েছে।
যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক অভিযানের লক্ষ্য ইরানের অবশিষ্ট আন্তর্জাতিক আর্থিক যোগাযোগ বিচ্ছিন্ন করা। ইরানের তেল পরিবহনকারী ছায়া নৌবহর, আর্থিক নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক লেনদেনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে নিষেধাজ্ঞার আওতায় আনা হচ্ছে।
অর্থাৎ, যুদ্ধক্ষেত্রের পাশাপাশি এবার চাপের কেন্দ্র হয়ে উঠেছে বাজার ও অর্থনীতি।
ইরানের অর্থনৈতিক সংকট আরও গভীর করেছে হরমুজ প্রণালি ঘিরে পরিস্থিতি। যুদ্ধের শুরুতে ইরান প্রণালিটি বন্ধ করে দেয়। ছয় মাস পরও তা পুরোপুরি স্বাভাবিক হয়নি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। এই পথ বন্ধ থাকা শুধু ইরানের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক জ্বালানি বাজারের জন্যই বড় ঝুঁকি।
তবে ইরানের ক্ষেত্রে এর প্রভাব আরও সরাসরি। আন্তর্জাতিক বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ায় দেশটির অর্থনৈতিক সংকট আরও তীব্র হচ্ছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাচ্ছে ইরানের রাজনৈতিক নেতৃত্বের ভেতরে।
দীর্ঘদিন ধরে দেশটির নেতৃত্বের একটি অংশ অর্থনৈতিক সংকটের জন্য অভ্যন্তরীণ দুর্বলতা ও প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করে আসছে। অন্যদিকে নিরাপত্তা কাঠামোর শক্তিশালী অংশগুলো সংকটের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ষড়যন্ত্রকে প্রধান কারণ হিসেবে দেখিয়েছে।
যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় এই দুই অবস্থানের পার্থক্য এখন প্রকাশ্য হয়ে উঠছে।
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সম্প্রতি বলেছেন, যুদ্ধের কারণে দেশের অর্থনৈতিক সংকট কয়েক গুণ বেড়েছে। এমনকি তিনি যুদ্ধ শেষ করার প্রয়োজনীয়তার কথাও প্রকাশ্যে বলেছেন।
পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফও সতর্ক করে বলেছেন, সামরিক শক্তি যতই থাকুক, মানুষ ক্ষুধার্ত হলে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড থেমে গেলে কোনো রাষ্ট্র দীর্ঘদিন টিকে থাকতে পারে না।
অর্থাৎ ইরানের নেতৃত্বের সামনেই এখন প্রশ্নটি বদলে গেছে।
কীভাবে যুদ্ধ জেতা যাবে—তার চেয়ে বড় হয়ে উঠেছে কীভাবে অর্থনীতি বাঁচানো যাবে।
ইরানের জন্য সবচেয়ে কঠিন বিষয় হলো—আলোচনায় বসলে অভ্যন্তরীণভাবে কঠোরপন্থীদের বিরোধিতার মুখে পড়তে হবে। আবার যুদ্ধ চালিয়ে গেলে অর্থনৈতিক সংকট আরও ভয়াবহ হতে পারে।
হরমুজ প্রণালি, তেল রপ্তানি এবং অর্থনৈতিক অবরোধ এখন সম্ভাব্য কূটনৈতিক আলোচনার প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহারের বিনিময়ে কোনো সমঝোতা তৈরি হয় কি না, সেটিই ভবিষ্যৎ আলোচনার গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তবে যুদ্ধ ইরানের অভ্যন্তরে আরেকটি প্রবণতাও শক্তিশালী করেছে—দেশটির কিছু মহলে পারমাণবিক সক্ষমতাকে ভবিষ্যৎ হামলা ঠেকানোর অপরিহার্য প্রতিরোধক হিসেবে দেখার প্রবণতা বাড়ছে। এটি ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী সমঝোতা আরও কঠিন করে তুলতে পারে।
ছয় মাস পর তাই ইরান এখনো দাঁড়িয়ে আছে—এটাই তেহরানের সবচেয়ে বড় অর্জন। কিন্তু সেই টিকে থাকার মূল্য ক্রমেই বাড়ছে।
সামরিক হামলায় রাষ্ট্রব্যবস্থা ভেঙে না পড়লেও অর্থনৈতিক অবরোধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে ক্ষোভের কেন্দ্র আর সীমান্ত বা যুদ্ধক্ষেত্রে থাকবে না; তা চলে আসবে মানুষের ঘর, বাজার ও জীবিকার ভেতরে।
ইরানের জন্য আসন্ন লড়াই তাই শুধু যুদ্ধক্ষেত্রে নয়—নিজের অর্থনীতি এবং রাজনৈতিক ঐক্য টিকিয়ে রাখার লড়াই।