উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার কৌশলগত জরুরি মজুদ থেকে দ্বিতীয় দফায় জ্বালানি তেল ছাড়ার আপাতত কোনো পরিকল্পনা নেই। বিষয়টি নিয়ে এখন কোনো আলোচনাও চলছে না বলে সম্প্রতি রয়টার্সকে জানিয়েছেন সংস্থাটির প্রধান ফাতিহ বিরোল। নরওয়ের একটি জ্বালানি সম্মেলনের ফাঁকে তিনি এই কথাগুলো জানান এবং উল্লেখ করেন যে বিশ্ব বাজার পরিস্থিতি তারা সবসময় গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।
এর আগে গত মার্চে বাজার সরবরাহের উদ্বেগের কারণে আইইএ ৪০ কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল মজুদ থেকে ছেড়েছিল। বিরোল জানান যে এরপরেও কৌশলগত মজুদের প্রায় ৮০ শতাংশ সুরক্ষিত রয়েছে। তবে ইউরোপের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের মজুদ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।
জ্বালানি তথ্যভিত্তিক প্লাটফর্ম এজিএসআইয়ের তথ্য অনুযায়ী ইউরোপে এখন মোট এলএনজির মজুদ আছে প্রায় ৬২ শতাংশ। আগামী ১ ডিসেম্বরের মধ্যে এই মজুদ ৮০ শতাংশে উন্নীত করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। বিরোল বলেন যে ইউরোপের গ্যাসের মজুদ স্বাভাবিক সময়ের তুলনায় কম এবং শীতের আগে এটি একটি বড় উদ্বেগের বিষয়।
মধ্যপ্রাচ্য থেকে প্রাকৃতিক গ্যাস পাওয়ার ব্যাপারে ইউরোপ আশাবাদী হলেও তারা রাশিয়া থেকে এলএনজি আমদানি বন্ধ করতে চায়। এর ফলে সরবরাহ নিয়ে চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদি ইউরোপে এবার শীতে অতিরিক্ত ঠান্ডা পড়ে, তবে জ্বালানি সংকট আরও প্রকট আকার ধারণ করতে পারে।