উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শনিবার রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নেপালের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে এ প্রাথমিক হিসাব জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রাথমিক হিসাবে ৪ থেকে ৫ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে। এটি কেবল একটি অনুমান। ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে।’
অর্থমন্ত্রীর এই হিসাব এমন সময়ে সামনে এলো, যখন ভয়াবহ দুর্যোগের প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র এখনো পুরোপুরি স্পষ্ট হয়নি। ফলে চূড়ান্ত হিসাব প্রকাশের পর পুনর্গঠন ব্যয় আরও পরিবর্তিত হতে পারে।
গত বুধবার হিমালয় অঞ্চলে একটি হিমবাহ ধসে বিপুল পরিমাণ পাথর, বরফ, কাদা ও ধ্বংসাবশেষ পাহাড়ি নদীগুলোর স্রোতের সঙ্গে নেমে আসে। মুহূর্তের মধ্যে ভয়াবহ বন্যা ও কাদার স্রোত আঘাত হানে বিস্তীর্ণ এলাকায়।
নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে এ দুর্যোগে ৬০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনো ২ হাজারের বেশি মানুষ নিখোঁজ। সীমান্তবর্তী একাধিক শহর ও জনপদে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র সামনে এসেছে।
প্রবল স্রোতে ভেসে গেছে গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকার যোগাযোগব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হয়েছে বড় কয়েকটি জলবিদ্যুৎকেন্দ্রও।
বন্যার সবচেয়ে বড় অর্থনৈতিক আঘাতগুলোর একটি পড়েছে নেপালের জলবিদ্যুৎ খাতে। ক্ষতিগ্রস্ত প্রকল্পগুলো দেশটির মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ১২ শতাংশের বেশি জোগান দেয়।
ফলে নেপালের জন্য এখন শুধু ধ্বংস হওয়া অবকাঠামো পুনর্নির্মাণই নয়, বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক করাও বড় চ্যালেঞ্জ। দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়তে পারে শিল্প, ব্যবসা ও পর্যটন খাতেও।
নেপালের অর্থনীতি মূলত প্রবাসী আয়, পর্যটন ও জলবিদ্যুতের ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল। দুর্যোগে এই গুরুত্বপূর্ণ খাতগুলোর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় অর্থনীতির ওপর চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
নেপালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি ছিল ২০১৫ সালের ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প। ওই ভূমিকম্পে প্রায় ৯ হাজার মানুষ নিহত হন এবং ধ্বংস হয় ৫ লাখের বেশি বাড়িঘর। ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল দেশটির অর্থনীতির প্রায় এক-তৃতীয়াংশে। পুনর্গঠনে ব্যয় হয়েছিল প্রায় ৯ বিলিয়ন ডলার।
অর্থমন্ত্রী ওয়াগলে জানিয়েছেন, এবারের পুনর্গঠনে ওই ভূমিকম্পের তুলনায় কম অর্থ প্রয়োজন হবে। তবে কেন এবার ব্যয় তুলনামূলক কম হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি।
প্রাথমিক হিসাব অনুযায়ী ৪ থেকে ৫ বিলিয়ন ডলারের পুনর্গঠন ব্যয় নেপালের জন্য বিশাল আর্থিক চাপ। বিশেষ করে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো শেষ না হওয়ায় সামনে ব্যয়ের পরিমাণ আরও স্পষ্ট হবে।
নেপালের সামনে তাই এখন একসঙ্গে কয়েকটি বড় চ্যালেঞ্জ—নিখোঁজদের সন্ধান ও উদ্ধার, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, সড়ক-সেতু পুনর্নির্মাণ, বিদ্যুৎকেন্দ্র সচল করা এবং পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ড ফিরিয়ে আনা।
একটি হিমবাহ ধস কয়েক দিনের মধ্যে নেপালের সামনে যে ধ্বংসস্তূপ রেখে গেছে, তা সরাতে এখন প্রয়োজন হবে বিলিয়ন বিলিয়ন ডলার। আর সেই অর্থ জোগাড়ই হতে পারে দুর্যোগের পর নেপালের দ্বিতীয় বড় যুদ্ধ।