উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দি গ্রামে বক্তারকান্দি ও শান্তিনগর গ্রামের বাসিন্দাদের অংশগ্রহণে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানানো হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সবুজ, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম, সমাজসেবক শান্তি ও শহিদ মিয়াসহ স্থানীয় বাসিন্দারা।
র্যালির একপর্যায়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা বক্তারকান্দি গ্রামের একটি পরিত্যক্ত স্থানে মাদক সেবনের আস্তানা থাকার অভিযোগ করেন। তাদের তথ্যের ভিত্তিতে ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হকসহ র্যালিতে অংশ নেওয়া কয়েকজন ওই স্থানটি পরিদর্শনে যান।
সেখানে গিয়ে তারা মাদক সেবনের কিছু আলামত দেখতে পান বলে জানান। পরে জায়গাটিতে তল্লাশি চালিয়ে একটি বড় আকারের তাজা গাঁজাগাছ দেখতে পাওয়া যায়। আশপাশে খোঁজ করে আরও পাঁচটি ছোট গাঁজাগাছ শনাক্ত করা হয়। পরে খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মাদকবিরোধী কর্মসূচির দিনেই গাঁজাগাছ উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠেছে—কারা এসব গাছ সেখানে রোপণ করেছে এবং ওই পরিত্যক্ত স্থানে নিয়মিত মাদক সেবনের সুযোগই বা তৈরি হলো কীভাবে?
স্থানীয়দের দাবি, শুধু গাঁজাগাছ উদ্ধার করলেই সমস্যার সমাধান হবে না। ওই স্থানে কারা মাদক সেবন করে, গাঁজাগাছগুলো কে বা কারা রোপণ করেছে এবং এর পেছনে কোনো মাদক কারবারি বা চক্র জড়িত কি না—তা খুঁজে বের করতে তদন্ত প্রয়োজন।
বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক বলেন, মাদকবিরোধী র্যালির সময় স্থানীয় কয়েকজন ওই স্থানে মাদক সেবনের আস্তানা থাকার কথা জানান। পরে সেখানে গিয়ে মাদক সেবনের কিছু আলামত ও একটি তাজা গাঁজাগাছ পাওয়া যায়। আশপাশে খুঁজে আরও পাঁচটি ছোট গাঁজাগাছ পাওয়া গেছে।
তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি এলাকায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন।”
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজাগাছগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মাদকবিরোধী সচেতনতা তৈরির কর্মসূচির দিনেই লোকালয়ে একটি পরিত্যক্ত জায়গা থেকে ছয়টি গাঁজাগাছ উদ্ধারের ঘটনায় এখন স্থানীয়দের প্রত্যাশা—শুধু গাছ উদ্ধার নয়, এর নেপথ্যে কারা রয়েছে সেটিও তদন্ত করে বের করা হোক।