উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জনই ঢাকা বিভাগের বাসিন্দা বলে জানা গেছে। একই সময়ে নতুন করে ৮৮৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং নিশ্চিত আক্রান্ত হয়েছেন আরও ৫৭ জন।
শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮৬৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে আরও ৯৯ শিশু, যার ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬৩ জনে।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৫৭ জনসহ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৮৫৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৭৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ২৫৭ জন রোগী। এর মধ্যে যথাযথ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ১ লাখ ৩১ হাজার ২৬৪ জন রোগী ইতিমধ্যে হাসপাতাল ছেড়ে গেছেন।