উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২০১১ সালের ৩০শে জুলাই ‘রাঙাতে এলো মাছরাঙা’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছিল মাছরাঙা টেলিভিশন। শুরু থেকেই দর্শকদের জন্য ইতিবাচক ও সৃজনশীল অনুষ্ঠান উপহার দেওয়ার প্রত্যয়ে কাজ করছে চ্যানেলটি। সেই ভাবনারই অন্যতম সফল প্রতিফলন হলো জনপ্রিয় ধারাবাহিক অনুষ্ঠান ‘রাঙা সকাল’।
মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর পরিকল্পনায় চ্যানেলটির যাত্রালগ্নের প্রথম দিন থেকেই এটি বিরতিহীনভাবে প্রচারিত হয়ে আসছে। জীবনীভিত্তিক এই টকশোতে ইতিমধ্যে অতিথি হিসেবে অংশ নিয়েছেন আট হাজারেরও বেশি বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানটির পাঁচ হাজারতম পর্ব আজ পূর্ণ হয়েছে।
আজকের বিশেষ এই পর্বে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং অনুষ্ঠানটির চিন্তক ও পরিকল্পক অঞ্জন চৌধুরী। রুম্মান রশীদ খান ও খালেদা আক্তার এর উপস্থাপনা করছেন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জোবায়ের ইকবাল।
অঞ্জন চৌধুরী বলেন, নেতিবাচক খবর অনেক সময় আমাদের পুরো দিনটির আবহই নষ্ট করে দেয়। সেই ভাবনা থেকেই চেয়েছি ‘রাঙা সকাল’-এর মাধ্যমে মানুষ প্রতিদিন সকালে একটি ইতিবাচক বাংলাদেশের চিত্র দেখতে পাবে। মাছরাঙা টেলিভিশনের সকল কর্মী এবং অতিথিদের আন্তরিক সহযোগিতার জন্যই এই দীর্ঘ যাত্রা সফল হয়েছে বলে তিনি জানান।