উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক বাজারে তীব্র তাপপ্রবাহ ও ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাবে ২০২৬-২৭ বিপণন বছরে বিশ্বজুড়ে খাদ্যশস্য উৎপাদন ৬০ লাখ টন কমতে পারে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমন পূর্বাভাসের কথা জানিয়েছে আন্তর্জাতিক শস্য পরিষদ (আইজিসি)। ওয়ার্ল্ড-গ্রেইন ডটকমের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
সংস্থাটির সর্বশেষ হিসাব অনুযায়ী, ইউরোপের তীব্র দাবদাহের কারণে অঞ্চলটির উৎপাদন পূর্বাভাস কমানো হয়েছে। এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে কৃষ্ণসাগরীয় অঞ্চলে গম রফতানি ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে আগামী মৌসুমে বিশ্বে মোট শস্য উৎপাদন দাঁড়াতে পারে ২৪১ কোটি ৫০ লাখ টনে, যা আগের বছরের রেকর্ড উৎপাদনের চেয়ে ৩ শতাংশ কম হলেও ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ।
আইজিসি জানায়, এবার বৈশ্বিক গম উৎপাদন ৪০ লাখ টন কমে ৮১ কোটি ৭০ লাখ টন এবং ভুট্টা উৎপাদন ১০ লাখ টন কমে ১৩০ কোটি ৫০ লাখ টনে নামতে পারে। পাশাপাশি চালের উৎপাদন ৬০ লাখ টন কমে ৪৪ কোটি ১০ লাখ টন হতে পারে। অন্যদিকে শস্যের বৈশ্বিক বাণিজ্য ৩ দশমিক ৫ শতাংশ কমে ৪৫ কোটি ১০ লাখ টন এবং মজুদ ৪ দশমিক ৫ শতাংশ কমে ৬০ কোটি ৬০ লাখ টনে নেমে আসার পূর্বাভাস দেওয়া হয়েছে।
তবে শস্য উৎপাদনে এমন মন্দাভাব থাকলেও সয়াবিনের ক্ষেত্রে ইতিবাচক চিত্র দেখা গেছে। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে ভালো ফলনের সুবাদে সয়াবিনের বৈশ্বিক উৎপাদন রেকর্ড ৪৪ কোটি ১০ লাখ টনে পৌঁছাতে পারে। এদিকে বিরূপ আবহাওয়া ও যুদ্ধের প্রভাবে জুলাইয়ের তুলনায় শস্য ও তৈলবীজের বৈশ্বিক মূল্যসূচক ৩ শতাংশ বেড়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ।