উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বৈঠকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহনের ব্যবস্থাপনা, বাস টার্মিনাল, পার্কিং এবং প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন (ETC) ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়েছে। টোল আদায়ে গতি বাড়ানো এবং যানবাহনের দীর্ঘ সারি কমানোই এ উদ্যোগের লক্ষ্য।
এ জন্য একটি অ্যাপও তৈরি করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে পুরো কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশের দীর্ঘদিনের যানজট নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তৈরি করা প্রতিবেদন পর্যালোচনা করে নতুন করে করণীয় নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যমান প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ নতুন প্রতিবেদন ১৫ দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে বুয়েটকে।
এ কাজে সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশকে সমন্বিতভাবে কাজ করতে বলা হয়েছে।
রাজধানীর কেন্দ্রীয় এলাকায় আন্তঃজেলা বাসের চাপ কমাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে।
স্থায়ী টার্মিনাল নির্মাণ সময়সাপেক্ষ হওয়ায় আপাতত কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে চার মাসের মধ্যে অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণ করা হবে।
স্থায়ী টার্মিনালের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কাজ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে এগিয়ে নেওয়া হবে।
গাবতলী বাস টার্মিনালের সক্ষমতা বাড়াতে এর পেছনের অংশ সম্প্রসারণের সিদ্ধান্ত হয়েছে। কাজটি দ্রুত বাস্তবায়নে সড়ক বিভাগ, ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজধানীর ব্যস্ত কারওয়ান বাজার এলাকার যানজট কমাতেও নেওয়া হয়েছে নতুন সিদ্ধান্ত।
কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।
সরকারের আশা, বাজারটির অবস্থান পরিবর্তন হলে রাজধানীর অন্যতম ব্যস্ত এই এলাকায় যানবাহন ও পণ্যবাহী গাড়ির চাপ কিছুটা কমবে।
সচিবালয় এলাকায় যানজটের অন্যতম কারণ হিসেবে অতিরিক্ত গাড়ি পার্কিংয়ের বিষয়টিও বৈঠকে উঠে আসে।
এ জন্য ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিং সুবিধা করা যায় কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে। প্রয়োজন হলে বিকল্প পার্কিংয়ের স্থানও খুঁজে বের করতে বলা হয়েছে।
ঢাকা শহরে অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলায় আনতে পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে।
এতে অটোরিকশার চলাচল, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে আরও নির্দিষ্ট কাঠামো তৈরি হতে পারে।
রাজধানীতে অনুমোদন ছাড়া চলাচল করা ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
দীর্ঘদিন ধরে যানজটে নাকাল নগরবাসীর জন্য এখন মূল প্রশ্ন—বৈঠকের এসব সিদ্ধান্ত কাগজে-কলমে সীমাবদ্ধ থাকবে, নাকি নির্ধারিত চার মাস ও ১৫ দিনের সময়সীমার মধ্যেই বাস্তবে পরিবর্তন দেখা যাবে?
কারণ ঢাকার মানুষ নতুন ঘোষণা নয়, চলাচলের স্বস্তি ও বাস্তব সমাধান দেখতে চায়।