উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বলিউড অভিনেত্রী তাপসী পান্নু স্বাধীনচেতা ও সাহসী চরিত্রে অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। বর্তমানে তিনি তাঁর আসন্ন সিনেমা ‘গান্ধারী’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর পাশাপাশি আরও অনেক সিনেমার প্রস্তাব পেলেও সেগুলোর বেশির ভাগই ফিরিয়ে দিচ্ছেন তিনি।
তাপসীর এই সিদ্ধান্তের কারণে চিন্তিত হয়ে পড়েছেন তাঁর ভক্ত-অনুরাগীরা। তাঁদের মনে প্রশ্ন জাগছে, তবে কি চলচ্চিত্র জগৎ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন এই অভিনেত্রী? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছেন তাপসী নিজে।
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে একই ধরনের চরিত্রে বারবার অভিনয় করতে চান না তিনি। বরং পর্দায় নিজেকে নানাভাবে মেলে ধরতে চান এই অভিনেত্রী। তাঁর মতে, ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীদের একটি নির্দিষ্ট ধারার মধ্যে আটকে দেওয়ার প্রবণতা রয়েছে।
গ্ল্যামারাস চরিত্র এবং সামাজিক সমস্যাভিত্তিক সিনেমার জন্য আলাদা নির্দিষ্ট তালিকা থাকে। এই ‘টাইপকাস্টিং’ বা ছকে বাঁধার সংস্কৃতির বিরুদ্ধেই রয়েছে তাঁর ঘোর আপত্তি। কোনো সিনেমার প্রস্তাব পছন্দ না হলে তিনি তা সরাসরি নাকচ করে দেন বলে জানান।
নির্মাতাদের তিনি সাফ জানিয়ে দেন, দর্শক যদি আগেই ছবির পরিণতি বুঝে ফেলতে পারেন, তবে তাঁকে যেন সেই সিনেমায় নেওয়া না হয়। ক্যারিয়ারের শুরুতে চেনা ছকের চরিত্রের বিকল্প না থাকলেও এখন আর তাঁকে কোনো নির্দিষ্ট ছকে বেঁধে রাখা যাবে না বলে জানিয়েছেন তাপসী।