উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হাল সময়ে নাটকের অভিনেত্রীদের মধ্যে তানজিম সাইয়ারা তটিনী সবচেয়ে বেশি দর্শকপ্রিয়তা পাচ্ছেন। গত দুই বছরে একের পর এক কাজের মধ্যদিয়ে নিজেকে অভিনেত্রী হিসেবে মেলে ধরেছেন তিনি। নানা ধরনের চরিত্রে তাকে পাওয়া গেলেও বর্তমানে পারিবারিক ও রোমান্টিক গল্পে তাকে বেশি দেখা যাচ্ছে।
চলতি বছরের প্রায় আট মাস শেষ হতে চলেছে এবং হিসাব কষলে এই সময়ে দর্শকপ্রিয়তা ও ইউটিউব ভিউয়ে তটিনী অভিনীত নাটকগুলো সবচেয়ে এগিয়ে রয়েছে। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে বেশ বুঝেশুনে পথ চলতে চান এ অভিনেত্রী। তিনি জানান যে অল্প সময়ে অনেক নাটকে অভিনয় করেছেন এবং দর্শকদের ভালোবাসা পেয়েছেন।
তটিনী বলেন, এ বছর থেকে তিনি আরেকটু বেছে বেছে কাজ করার চেষ্টা করছেন যাতে দর্শকরা নিরাশ না হন। ইতিমধ্যে তার নতুন বেশ কিছু নাটকে অভিনয় করা হয়েছে এবং এগুলো প্রকাশ পেলে দর্শকদের ভালো লাগবে। তার হাতে বর্তমানে কমপক্ষে এক ডজন নতুন নাটকের কাজ রয়েছে যা তিনি সময় নিয়ে করতে চান।
একক নাটকের বাইরে সম্প্রতি একটি ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন তিনি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফিরে আসার গল্প’ নামের এই পারিবারিক নাটকে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু ও খায়রুল বাসার। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে ধারাবাহিকটি আগামী ৭ অক্টোবর থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রকাশিত হবে।