উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকার দেশের প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে ইতোমধ্যে বিচার কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, পলাতক ফ্যাসিস্ট আমলের এসব গোপন বন্দীখানা জনপরিসরে আয়নাঘর নামে পরিচিতি পেয়েছিল। দেশি-বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যবহার করে ফ্যাসিস্ট সরকার কমপক্ষে সাত শতাধিক মানুষকে গুম করেছে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন।
ভবিষ্যতে গুম বা এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স বন্ধ করতে একটি পৃথক আইনি কাঠামো প্রণয়ন করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, এটি বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। স্বৈরতান্ত্রিক ব্যবস্থা এবং রাজনৈতিক সংঘাতে রাষ্ট্রীয় বাহিনী অনেক সময় ভিন্নমতের রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে এ ধরনের নির্মম পথ বেছে নেয়। পতিত ফ্যাসিস্ট সরকার জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার দমনে গুমের পথ বেছে নিয়েছিল এবং বন্দিশালা তৈরি করেছিল।
প্রধানমন্ত্রী জানান, জাতীয় সংসদে ইতোমধ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬ এবং জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ উত্থাপন করা হয়েছে। এসব বিল আইনে পরিণত হলে ভবিষ্যতে কেউ গুমের মতো জঘন্য অপরাধের পথ বেছে নেওয়ার সাহস পাবে না। গুম কেবল একটি সংখ্যা বা ব্যক্তির হারিয়ে যাওয়া নয়, বরং একটি পরিবারের স্বপ্ন ও ভবিষ্যতের মৃত্যু। ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্টদের পতনের পর কিছু মানুষ ফিরে এলেও ইলিয়াস আলী কিংবা চৌধুরী আলমের মতো অসংখ্য মানুষের খোঁজ মেলেনি।
আইসিসির রোম সনদের ৭(২) অনুচ্ছেদে গুমকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে বলে জানান তিনি। গুমের বিরুদ্ধে বিশ্ববিবেক জাগাতে পালিত আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের এবারের প্রতিপাদ্য হলো ভিক্টিমস ফার্স্ট, অ্যাকশন্স নাউ। প্রধানমন্ত্রী এই অমানবিক অপরাধে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিচার ও জবাবদিহিতার জন্য বিশ্বজুড়ে ঐক্য ও সংহতি প্রদর্শনের আহ্বান জানান।