উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভয়াবহ ভূমিধস ও বন্যার সময় নেপালে অবস্থান করছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসসহ ‘শিকার’ সিনেমার পুরো শুটিং টিম। উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে এবং মানবিক কারণে তারা শুটিংয়ের নির্ধারিত শিডিউল স্থগিত করে নিরাপদে ঢাকায় ফিরেছেন। কামরুজ্জামান রোমানের পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রে বাংলাদেশ ও কলকাতার একাধিক শিল্পী অংশ নিয়েছেন। পাহাড়ি অঞ্চলের মনোরম পরিবেশে শুটিং চলার একপর্যায়ে বৈরী আবহাওয়ার কারণে সেখানে পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে ওঠে।
শুক্রবার রাতে ঢাকায় পৌঁছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরো বিষয়টি জানান জনপ্রিয় এই অভিনেত্রী। তিনি জানান, গত ২৬শে আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই-তিন ঘণ্টার দূরত্বের একটি পাহাড়ি এলাকায় ওই ভয়াবহ দুর্যোগটি সংঘটিত হয়। তবে কাকতালীয়ভাবে তাদের যাত্রার পরিকল্পনা ছিল ২৭শে আগস্ট এবং একই পথ দিয়ে যাওয়ার কথা ছিল। ভ্রমণের সময় একদিন পরে নির্ধারিত থাকায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে অলৌকিকভাবে রক্ষা পায় পুরো ‘শিকার’ টিম।
অপু বিশ্বাস গণমাধ্যমকে বলেন, আমাদের যে রাস্তা দিয়ে কাঠমান্ডু ঢোকার কথা ছিল, ঠিক তার কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে। এটি আল্লাহ্র অশেষ রহমত যে ২৬ তারিখ নয়, ২৭ তারিখ আমাদের মুভ করার কথা ছিল। তবে দুর্যোগটি এতটাই ভয়াবহ ছিল যে, ওই রাস্তাটি আগামী ১৫ থেকে ২০ দিনের জন্য যাতায়াত সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। শেষ পর্যন্ত সুস্থ ও নিরাপদে দেশে ফিরতে পারায় স্বস্তি প্রকাশ করেন তিনি।
নেপালের এই প্রাকৃতিক বিপর্যয়কে অত্যন্ত দুঃখজনক ও কষ্টের বলে উল্লেখ করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি আরও বলেন, সত্যি বলতে যারা বড় ক্ষতির মুখোমুখি হয়েছেন, তারাই এর কষ্টটা সবচেয়ে ভালো বুঝতে পারবেন। আমরা নেপালিদের কথা নিজের কানে শুনেছি, তাদের আহাজারি দেখেছি। সেই দৃশ্য ও অনুভূতি কীভাবে ভাষায় প্রকাশ করবো- তা সত্যিই আমার জানা নেই।