উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মিরপুরের ভাষানটেকে অস্ত্র থাকার গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালিয়েছে র্যাব-৪ ও থানা পুলিশ। প্রায় এক ঘণ্টা ৪০ মিনিট ধরে চলা এই অভিযানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি এবং কাউকে আটকও করা হয়নি।
শনিবার বিকেল ৩টা ৪৯ মিনিট থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বাগানবাড়ি এলাকার ১৬০/বি নম্বর বাড়িতে এই যৌথ অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, এক ব্যক্তি র্যাব ও ডিবি পুলিশকে ফোন করে অস্ত্রসহ আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করার পর এই অভিযান শুরু হয়।
ওই বাড়ির আটতলার চতুর্থ তলার ই/৩ নম্বর ফ্ল্যাটে অভিযান চালানো হয়, যা আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক সদস্য অহিদুল হকের। কোনো অবৈধ বস্তু না পেয়ে শূন্য জব্দ তালিকা প্রস্তুত করে বিকেল সাড়ে ৫টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ত্যাগ করে।
ভাষানটেক থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন ঢাকা পোস্টকে জানান, সিনিয়র স্যারদের সঙ্গে ওই বাড়িতে গিয়ে তারা কিছু পাননি এবং কাউকে আটকও করা হয়নি। বর্তমানে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।