উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বগুড়া শহরের জিলা স্কুলের প্রাচীরঘেঁষা এলাকায় ড্রেন নির্মাণের সময় মাটির নিচ থেকে বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে বগুড়া সিটি করপোরেশনের উন্নয়নকাজ চলাকালে পরিত্যক্ত অবস্থায় মোট ৩৩৪ রাউন্ড গুলি পাওয়া যায়। এ ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার সকালে জিলা স্কুলসংলগ্ন মাস্টার ড্রেন নির্মাণ প্রকল্পের খননকাজ শুরু করার সময় এক শ্রমিক ধাতব বস্তুর স্পর্শ পান। মাটি সরানোর পর সেখানে একে একে গুলি বেরিয়ে আসে এবং শ্রমিকরা সঙ্গে সঙ্গে বগুড়া সদর থানা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি কর্ডন করে এবং মাটির গভীর থেকে ৩৩৪ রাউন্ড গুলি নিজেদের হেফাজতে নেয়।
উদ্ধারকৃত গোলাবারুদের উৎস নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুটি বিষয়কে সামনে রেখে তদন্ত শুরু করেছে। এগুলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের পরিত্যক্ত গুলি কিংবা ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানকালে থানা বা অস্ত্রাগার থেকে লুট হওয়া গুলির অংশবিশেষ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, শ্রমিকদের মাধ্যমে খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে সুনির্দিষ্টভাবে ৩৩৪টি গুলি উদ্ধার করা হয়েছে। বিশেষজ্ঞ পরীক্ষার পর এবং ব্যালাস্টিক তদন্ত শেষে এগুলো কোন সময়ের ও কোন অস্ত্রের, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।